মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ২১:৩০ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ২১:৩৫ পিএম
কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় ঐতিহ্যবাহী মুন্সিবাড়ী পুকুর ভরাটের অভিযোগে ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলা কার্যালয়ে কর্মরত পরিদর্শক শুভ্রচন্দ্র বিশ্বশর্মা সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
জেলা পরিবেশ অধিদপ্তর জানায়, কিশোরগঞ্জ সদর পৌরসভার গাইটাল মুন্সিবাড়ী এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদিত রেকর্ডীয় পুকুর। কিন্তু এলাকার জনৈক প্রভাবশালী পুকুরটি ভরাটের ফলে পরিবেশ-প্রতিবেশে বিরূপ প্রভাব পড়েছে। এ বিষয়ে অভিযোগ উত্থাপনের পর জেলা কার্যালয়ে কর্মরত পরিদর্শক শুভ্রচন্দ্র বিশ্বশর্মা ১০ জনকে আসামি করে পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন জানান, পুকুর ভরাটের দায়ে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী, সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষের উপস্থিতিতে অনুষ্ঠিত গণশুনানিতে অভিযুক্ত পক্ষ পুকুর ভরাটের দায় স্বীকার করে। এরই ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সদর থানায় পুকুরের মালিকগণকে আসামি করে মামলা করেন।
তিনি আরও বলেন, পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষয়ক্ষতি রোধে জেলা পরিবেশ অধিদপ্তরের এমন পদক্ষেপ চলমান থাকবে।