বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ২০:৩৪ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ২০:৪৩ পিএম
পটুয়াখালীর বাউফলে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ এনে আনোয়ার হোসেন নামে এক বিএনপি নেতার গ্রেপ্তার ও শাস্তি জানিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে পৌর শহরে বাউফল প্রেস ক্লাবের সামনের সড়কে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনে এ দাবি জানানো হয়। অভিযুক্ত আনোয়ার হোসেন মদনপুরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি।
মানববন্ধনে অংশ নেওয়া বর্ষা নামে এক শিক্ষার্থী বলেন, ‘নতুন স্বাধীন দেশে কোনো ধর্ষকের ঠাঁই হবে না। পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি, যত দ্রুত পারেন ধর্ষক আনোয়ারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করুন।’
মামলা সূত্রে জানা যায়, আনোয়ার মুদিমনিহারি ব্যবসায়ী। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য শিশুটি আনোয়ারের দোকানে যাওয়ার সুযোগে প্রায়ই শিশুটিকে যৌন নির্যাতন করতেন। ১০-১২ দিন আগে আনোয়ার শিশুটিকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়। এতে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তার মাকে জানায়। বিষয়টি জানাজানি হলে শিশুটিকে নিয়ে তার স্বজনরা গত শুক্রবার বাউফল থানায় মামলা দায়ের করেন।
উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোসারেফ হোসেন বলেন, বিষয়টি জানার পর তাকে (আনোয়ার) দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি খুব কম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।