× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাথর উত্তোলনে হুমকিতে ডাহুক নদ

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ২০:২৭ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ২০:৩৪ পিএম

পাথর উত্তোলনে হুমকিতে ডাহুক নদ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে হুমকিতে পড়েছে ডাহুক নদ। সরকারি জমিতে এসব পাথর উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী নেতারা। শেখ কামালসহ ওই নেতাদের বিরুদ্ধে ডাহুক নদের আশপাশে থাকা ব্যক্তিমালিকানার জমিতেও জোর করে সন্ত্রাসী কায়দায় পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছে স্থানীয়রা।

ভারতে উৎপত্তি হয়ে বাংলাদেশের ভেতর ১৪ কিলোমিটার প্রবাহিত হয়ে আবার ভারতে প্রবেশ করে আবারও বাংলাদেশে ঢুকে করতোয়া নদীর সঙ্গে মিলিত হয়েছে তেঁতুলিয়ার ডাহুক নদ। প্রবহমান এই নদের নিচে রয়েছে মূল্যবান সম্পদ পাথর। দীর্ঘকাল থেকে পানির নিচে ডুবে পাথর উত্তোলন করে কর্মসংস্থান করছে হাজার হাজার পাথর শ্রমিক। এই নদের উত্তরাংশে হারাদিঘি বালাবাড়ি এলাকায় ডাহুকের খাসজমি ও নিরীহ মালিকদের জমি অবৈধভাবে দখল করে পাথর তুলছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এবং বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শেখ কামাল। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনও করেন তিনি। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের প্রশাসনকে ‘ম্যানেজ’ করে গত ১৫ বছর ধরে প্রভাব খাটিয়ে পাথর উত্তোলন করলেও শেষের দিকে এই এলাকায় পাথর তোলা বন্ধ করে দেয় প্রশাসন। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর স্থানীয় জমির মালিক ও পাথর ব্যবসায়ীরা পাথর তোলা শুরু করলে শেখ কামাল আবারও দখল করে নেন ওই পাথর কোয়ারি। অভিযোগ উঠেছেÑ শুধু নদীতেই নয়, আশপাশের নিরীহ মানুষের জমি দখল করে পুরোনো কায়দায় আবারও পাথর তুলতে শুরু করেছেন তিনি। ভূমিহীনদের পত্তন হওয়া সম্পত্তিতেও আইন অমান্য করে পাথর উত্তোলন করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বর্তমানে প্রতিদিন লাখ লাখ টাকার পাথর তোলা হলেও বিশাল অঙ্কের রাজস্বও হারাচ্ছে সরকার। অন্যদিকে প্রবহমান ডাহুক নদও বিলুপ্ত হয়ে যাচ্ছে। এ নিয়ে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। 

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় শেখ কামাল একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ডাহুক নদ থেকে পাথর উত্তোলন করেন। শুধু নদীতেই নয়, সাধারণ নিরীহ মানুষের জমিও জোর করে দখল করে সেখান থেকে পাথর উত্তোলন করেছেন তিনি। এতে হুমকির মুখে পড়েছে নদটি। অন্যদিকে, সময় বদলালেও এখনও তার নির্যাতনের শিকার হচ্ছে অনেক মানুষ । ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তারা। 

লালগজ ও হারাদিঘি গ্রামের আব্দুর রহিম ও আব্দুর রহমান জানান, ২০০৩ ও ২০০৪ সালে ডাহুক নদের পাড়ে সরকার তাদের প্রায় তিন একর খাসজমি কৃষি আবাদ করার জন্য ৯৯ বছরের জন্য লিজ দেয়। সেই জমিতে তারা কৃষি করতে পারছেন না। আওয়ামী লীগ নেতা কামাল ওই জমি থেকে জোর করে পাথর উত্তোলন করছেন। বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরেও কোনো লাভ হচ্ছে না। হারাদিঘি গ্রামের খোরশেদ আলম বলেন, ১৭ বছর থেকে আমরা কেউ কিছু বলতে পারিনি। এদের তাণ্ডবে অনেক মানুষ নিঃস্ব হয়েছে। বিএনপির কিছু নেতার ছত্রছায়ায় আবারও তারা তাণ্ডব শুরু করেছে। আমরা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার চাই।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা শেখ কামাল দাবি করেন, ডাহুক নদে পাথর উত্তোলন করছেন না তিনি। নিজের জমি থেকে পাথর উত্তোলন করছেন। আর রহমান ও রহিমের জমি পাথর উত্তোলনের জন্য ডিড করে নেওয়া আছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, ডাহুক নদের ওই এলাকায় সরকারি জমি এবং নদের গতিপথ আটকে পাথর উত্তোলন বন্ধের জন্য আমরা আপাতত মাইকিংসহ নানা উদ্যোগ নিয়েছি। তার পরও বন্ধ না করলে আমরা আইন প্রয়োগ করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা