× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে বিস্ফোরণের কম্পনে টেকনাফের ২৫ বাড়িতে ফাটল

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১৮:২৭ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১৯:১৩ পিএম

আছারবুনিয়া গ্রামের বাড়িঘরে ফাটলের চিত্র। প্রবা ফটো

আছারবুনিয়া গ্রামের বাড়িঘরে ফাটলের চিত্র। প্রবা ফটো

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই আরও তীব্র হয়েছে। টানা তিন দিন ধরে সীমান্তের ওপারে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে এপারে। মিয়ানমারের আকাশে যুদ্ধবিমান চক্কর ও বোমা বর্ষণে কাঁপছে টেকনাফের সীমান্তবর্তী এলাকা। এতে বিস্ফোরণের কম্পনে টেকনাফের একটি গ্রামের অন্তত ২৫টি বাড়িতে ফাটল দেখা দিয়ে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামের মানুষ।

মিয়ানমারের মংডু শহরের পূর্বে চার কিলোমিটার প্রস্থের নাফ নদের সাবরাং ইউনিয়নের আছারবুনিয়া গ্রাম। এই গ্রামের বাড়িগুলোতে ফাটলের খবর জানা গেছে।

সাবরাং ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শরীফ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মিয়ানমারের বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকা কাঁপছে। মঙ্গলবার রাতের বিকট বিস্ফোরণের কাঁপুনিতে আছারবুনিয়া গ্রামের ২৫টি মাটির দেয়ালের বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এই গ্রামসহ সীমান্তের মানুষগুলো নির্ঘুম রাত কাটাচ্ছে থাকে। মর্টার শেলের বিকট শব্দে ঘুম যাওয়া যায় না। রাত হলে স্থানীয়দের মাঝে আতঙ্ক দ্বিগুণ বেড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘হয়তো বা নাফ নদের কারণে বোমা বা মর্টার শেল এপারে এসে না পড়লেও শাহপরীর দ্বীপ, টেকনাফ স্থলবন্দর ও দমদমিয়া এলাকায় কয়েকটি গুলি এসে পড়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।’

আছাববুনিয়া এলাকার সমাজ কমিটির সভাপতি রফিক উদ্দিন বলেন, ‘মঙ্গলবার রাতে বোমার শব্দে কাঁপুনিতে এলাকার ২০/২৫টি সেমিপাকা টিনশেড ও মাটির দেওয়ালের বড় বড় ফাটল ধরেছে। এখন এসব ঘরে বসবাস করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় ধসে পড়তে পারে।’

টেকনাফ সীমান্তবর্তী বাসিন্দারা বলছেন, সপ্তাহখানেক বিরতির পর সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্তের এপার থেকে টানা বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এ সময় আকাশে যুদ্ধবিমানও চক্কর দিতে দেখা যায়। এদিন সন্ধ্যার পর থেকে কয়েক ঘণ্টা শান্ত থাকলেও রাত ১টা থেকে ফের বিকট বিস্ফোরণের শব্দ শুরু হয়; যা মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত অব্যাহত ছিল। সঙ্গে মিয়ানমারের আকাশে যুদ্ধবিমানের চক্কর দেখা যায়। বিমানের চক্করের সঙ্গে সঙ্গে ভেসে আসে বিকট শব্দ। এতে কাঁপছে টেকনাফের সীমান্ত এলাকাও।

তারা জানান, গতকাল রাতেও ব্যাপক বিস্ফোরণের ভেসে আসে সীমান্তের এপারে। বুধবার সকালেও বিকট শব্দের বিস্ফোরণ শুনতে পান লোকজন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘মানুষজনকে নিরাপদে থাকতে বলা হচ্ছে। রাখাইনের পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদ ও সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ড সতর্ক আছে। বসতবাড়ি ক্ষতিগ্রস্তের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা