কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১৭:১৮ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের ফরিদপুর মেডিকেল এবং কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার কুসুমদিয়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলম এবং বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিম গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।
কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।
কী হয়েছিল এমন প্রশ্নের জবাবে স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সাজাইল ইউনিয়নের কুসুমুদিয়া গ্রামে পূর্বশত্রুতা ও গ্রাম্য প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। লোকজন দেশীয় অস্ত্র ঢাল, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। আহত হয় উভয় পক্ষের অন্তত ১৫ জন।