× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহজ মানুষের মিলন মেলা ছেঁউড়িয়ার লালন আখড়ায়

জহুরুল ইসলাম, কুষ্টিয়া

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১৫:১৯ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ২১:৩৯ পিএম

সহজ মানুষের মিলন মেলা ছেঁউড়িয়ার লালন আখড়ায়

দলে দলে মানুষ আসছেন ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে। বাউল, সাধু, বৈষ্ণবদের মেলা বসেছে লালনধামে। ধর্ম-বর্ণ জাতপাত ভুলে তারা গাইছেন মানুষের জয়গান। ‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি’, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’, ‘বাড়ির পাশে আরশী নগর সেথা এক পড়শি বসত করে’Ñএমন গানগুলোর সুরের মূর্ছনায় এখন মাতোয়ারা সাঁইজির বারামখানা। কারণ আখড়াবাড়িতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের লালন স্মরণোৎসব।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে  ‍বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার অনেক আগেই জনসমাগম শুরু হয়েছে এই বাউলধামে। বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে এই বাউলতীর্থে ভিড় জমাচ্ছেন সাধারণ দর্শনার্থীরাও।

লালন মাজারের আশপাশে ও মরা কালী নদীর তীর ধরে বাউলরা ছোট ছোট আস্তানা গেড়ে সাঁইজিকে স্মরণ করছেন গানে গানে। বাউল-ফকিরদের সঙ্গে সুর মেলাতে ভুল করছেন না ভক্তরাও। ধর্মবর্ণ-নির্বিশেষে হাজারো মানুষ সাঁইজির সান্নিধ্য পাওয়ার আশায় দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন এ স্মরণোৎসবে। বাউল, সাধু-বৈষ্ণব আর ফকির-দেওয়ানাদের পদভারে মুখর সাঁইজির ধাম। চিঠি নেই পত্র নেই, কোন এক অদৃশ্য সুতোর টানে দলে দলে বাউল সাধু গুরুরা ছুটে এসেছেন আখড়াবাড়িতে। 

উৎসবের সময় আখড়াবাড়ির আঙিনায় বসার জায়গা না-ও মিলতে পারে; সেজন্য অনুষ্ঠান শুরুর পাঁচ দিন আগেই এখানে এসে আসন পেতেছেন সিরাজগঞ্জের বাউল আছের উদ্দিন। গত ৩৫ বছর ধরে এভাবেই এখানে আসেন তিনি। জানতে চাইলে এই প্রবীণ বাউলসাধক বলেন, বছরে দুবার সাঁইজির আখড়াবাড়িতে মিলনমেলা বসে। এ দিনটি এলে কিছুতেই বাড়িতে মন টেকে না। সংসারের সব মায়ার সুতো ছিঁড়ে চলে আসি আখড়াবাড়ি।

বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক ফকির লালন সাঁই দেহত্যাগ করেন। এরপর থেকে তার অনুসারী ভক্ত বাউলসাধকরা এ দিনটিতে তাকে স্মরণ করে আসছেন। লালন একাডেমি প্রতিষ্ঠিত হওয়ার পর এই উৎসবের কলেবর বেড়েছে। প্রতিবছর এ দিনটিকে ঘিরে লালন আখড়াবাড়িতে বসে তিন দিনের উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় এ আয়োজনের উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। উৎসব চলবে শ‌নিবার পর্যন্ত।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালনভক্ত বাউল সাধু গুরুরা আখড়াবাড়িতে এসে বসেছেন আসন পেতে। একতারা, দোতারাসহ নানা বাদ্যযন্ত্রের সুরে মুখর হয়ে উঠেছে লালনধাম। এ ছাড়া আখড়াবাড়ির বাইরে মরা কালীগঙ্গা নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা। সেখানে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও লালন একাডেমির সভাপতি শারমিন আখতার বলেন, উৎসবের তিন দিন ভক্ত বাউলসাধকরা নিজেদের মধ্যে ভাববিনিময় করবেন। উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করতে জেলা প্রশাসন ও লালন একাডেমি সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা