মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১২:৫৯ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১৩:২৩ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। প্রবা ফটো
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড ও জেএমআই সিরিজ অ্যান্ড মেডিকেল ডিভাইস নামে দুটি কারখানার শ্রমিকরা তাদের ২১ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা তাদের দাবি আদায়ে এ কর্মসূচি পালন করেছেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি শান্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কহিনুর আক্তার ও গজারিয়া থানার ওসি মো. মাহবুবুর রহমান শ্রমিক ও মালিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন। প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা তাদের অবরোধ বেলা ১১টায় তুলে নিলে যান চলাচল শুরু হয়।
শ্রমিকরা জানায়, প্রাথমিক অবস্থায় সব পার্মান্যান্ট সিনিয়র শ্রমিকদের বর্তমান বেতনের চেয়ে ৪ হাজার টাকা বৃদ্ধিসহ ২১ দফা বাস্তবায়নের দাবি তাদের। এজন্য আজ সকালে তারা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেছেন।
শ্রমিক আরমান বলেন, ‘আমি এ কারখানায় ডে শিফটে কাজ করি। দুই দিন আগে আমাদের এক শ্রমিক ছুটি না পেয়ে এ কারখানায় চিকিৎসার অভাবে মারা গেছেন। কারখানার মধ্যে ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, অক্সিজেনও নেই। খাবারের মান খুবই খারাপ। তা ছাড়া আমাকে ৯ হাজার টাকা বেতন দেওয়া হয়। দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতির বাজারে এ সামান্য টাকা দিয়ে আমার সংসার চলে না।’
বিক্ষোভকারী শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে মীমাংসার আশ্বাস দিলে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেন বলে জানিয়েছেন ওসি মো. মাহাবুবুর রহমান।
ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ‘মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। বিক্ষোভের খবর পাওয়ার পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেছি। শ্রমিকরা অবরোধ তুলে নিলেও আমরা এখনও কারখানার ভেতরে বিষয়টি নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে এ প্রসঙ্গে চূড়ান্ত সুরাহার চেষ্টা করছি।’