রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১৭:০২ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১৮:২৬ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই চালককে মারধর করে প্রকল্পের ট্রাকভর্তি বালু লুটের ঘটনায় অভিযুক্ত তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগের বরাতে ওসি জানান, তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ চলছে। ওই প্রকল্পে বেশ কিছু দিন ধরে তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু ঝামেলার চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগ করেন প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদ। তিনি যৌথ বাহিনীর কাছে লিখিত অভিযোগও দেন। ওই অভিযোগের ভিত্তিতে হাফিজুর রহমান পিন্টুকে আটক করে থানা পুলিশের সোপর্দ করেছে যৌথ বাহিনী।
এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন, আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদের অভিযোগ, প্রকল্পের কাজের জন্য কাঞ্চন নলপাথর এলাকার ভাই ভাই এন্টারপ্রাইজের কাছ থেকে বালু কেনেন তিনি। গত ২৩ সেপ্টেম্বর দুপুরের দিকে দুটি ট্রাকে বালু লোড করে নিয়ে আসছিলেন চালক শরিফ সরদার ও আরমান মিয়া। গন্ধবপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কাছে এলে হাফিজুর রহমান পিন্টু ও তার লোকজন ট্রাক দুটি থামায়। গাড়ি থামানোর কারণ জিজ্ঞেস করলে দুই চালককে মারধর করা হয় এবং অন্য গাড়িতে করে বালু আনলোড করে লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে এ প্রকল্পের বড় ধরনের ক্ষয়ক্ষতি করবে বলে হুমকি দিয়ে যান অভিযুক্ত।