× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেওয়াটখালি রেলক্রসিং

ধাক্কায় পার করতে হয় যানবাহন

শফিক সরকার, ময়মনসিংহ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৮:৫২ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ২০:১০ পিএম

খানাখন্দে আটকা পড়া জ্বালানি কাঠভর্তি ট্রলি উদ্ধারের চেষ্টা করছে কয়েকজন। ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি রেলক্রসিংয়েখানাখন্দে আটকা পড়া জ্বালানি কাঠভর্তি ট্রলি উদ্ধারের চেষ্টা করছে কয়েকজন। ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি রেলক্রসিংয়ে। প্রবা ফটো

খানাখন্দে আটকা পড়া জ্বালানি কাঠভর্তি ট্রলি উদ্ধারের চেষ্টা করছে কয়েকজন। ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি রেলক্রসিংয়েখানাখন্দে আটকা পড়া জ্বালানি কাঠভর্তি ট্রলি উদ্ধারের চেষ্টা করছে কয়েকজন। ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি রেলক্রসিংয়ে। প্রবা ফটো

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর ২টা। রেললাইনের ওপর আটকা পড়েছে জ্বালানি কাঠভর্তি একটি ট্রলি। আধা ঘণ্টা ধাক্কাধাক্কির পরও সরাতে পারেনি ট্রলিটি। দূরে দেখা যায় ঢাকা থেকে দ্রুতগতিতে ময়মনসিংহের দিকে আসছে জামালপুর এক্সপ্রেস ট্রেন সার্ভিস। এ দৃশ্য দেখার পর সবার মাঝে আতঙ্ক দেখা দেয়। হুড়োহুড়ি শুরু হয় এ ঘটনা দেখতে আসা জনসাধারণের মাঝেও। পরে রেলের গেট কিপারসহ অন্যদের অনেক চেষ্টার পর ট্রলিটি সরানো হয়। অল্পের জন্য রক্ষা পায় চালকসহ ট্রলিটি। ময়মনসিংহ নগরীর কেওয়াটখালির রেলক্রসিংয়ের দৃশ্য এটি। প্রায়ই এ ক্রসিংয়ে এভাবে যানবাহন আটকে যায়।

সরেজমিনে দেখা গেছে, রেলক্রসিংয়ের দুই পাশে বড় বড় গর্ত হওয়ায় রেললাইনের ওপর আটকা পড়ে ছোট ছোট যানবাহন। সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে হয় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলচালকদের। ধাক্কায় পার করতে হয় এসব যানবাহন। এর সঙ্গে ট্রেন আসার ভয় তো আছেই। এখানে একাধিক যানবাহন দুর্ঘটনায় পড়েছে। এ অবস্থায় রেল কর্তৃপক্ষ বারবার সড়ক বিভাগে চিঠি দিয়েও মেরামত করাতে পারছে না। ময়মনসিংহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেছেন খবর নিয়ে দ্রুত মেরামত করা হবে।

স্থানীয়রা জানায়, ময়মনসিংহ নগরীর ঢাকা বাইপাস সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। নগরীরর শম্বুগঞ্জ মোড় হয়ে এই সড়ক দিয়ে নেত্রকোণা, শেরপুর, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার যানবাহন চলাচল করে থাকে। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এই সড়কে। বিস্তৃত এলাকার নগরবাসীও এই সড়ক দিয়ে চলাচল করে। অথচ এ ধরনের গুরুত্বপূর্ণ সড়কের রেলক্রসিংয়ে মারণফাঁদ। রেললাইনের দুই পাশেই বড় বড় গর্তে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যানবাহন রেলক্রসিং পার হওয়ার সময় আটকা পড়ে। প্রায় সময় পথচারীদের ধাক্কায় পাড় হতে হয় এই রেলক্রসিং।

ব্যাটারিচালিত অটোরিকশাচালক রাজু আহমেদ বলেন, ‘পুরো সড়ক ঠিক রয়েছে। শুধু রেলক্রসিংয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এখানে প্রায় সময় যানবাহন আটকা পড়ছে। রেললাইন থেকে সড়কটি গর্ত হয়ে নিচু হয়ে গেছে। এ কারণে ছোট ছোট যানবাহন রেললাইন পার হতে সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে হয়।’

গেট কিপার রাসেল আহমেদ বলেন, ‘প্রতিদিন এখানে যানবাহন আটকা পড়ছে। অনেক সময় ট্রেন আসার সময় যানবাহন আটকা পড়ে, তখন লোকজনকে যানবাহন সরানোর কাজ করতে হয়। এ অবস্থায় সার্বক্ষণিক সড়কের ওপর নজর রাখতে হয়। বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

ময়মনসিংহ রেলওয়ে বিভাগের প্রকৌশলী আক্রাম আলী বলেন, রেললাইনের আড়াই ফুট জায়গা তাদের। আর বাকি অংশ সড়ক বিভাগের। এখানে দুই পাশে বড় বড় গর্ত হওয়ায় প্রায়ই যানবাহন আটকা পড়ছে। এতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিষয়টি সড়ক বিভাগকে লিখিতভাবে জানানো হয়েছে।

ময়মনসিংহ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, ‘এই অংশটি প্রজেক্টের কি না, তা খোঁজে বের করতে হবে। খবর নিয়ে দ্রুতসময়ের মধ্যে প্রয়োজনীয ব্যবস্থা নেওয়া হবে।’

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা