রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৭:৫২ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১৮:২৪ পিএম
ছবি : সংগৃহীত
রাজবাড়ীতে নিজের ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব সরদার রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বাসিন্ধা।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে মোতালেব সরদার বিদ্যুৎ সংযোগ দিয়ে খোলা তার টাঙিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতেছিলেন। তিনি রাতে বিদ্যুৎ সংযোগ চালু করতেন এবং সকালে সেটি বিচ্ছিন্ন করে রাখতেন।
তারা জানান, রবিবার রাতে বিদ্যুৎ সংযোগ চালু করার পর সোমবার সকালে সেটি বিচ্ছিন্ন করতে ভুলে যান মোতালেব। সকালে ধানক্ষেতে কাজ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার ছেলে সোহান খুঁজতে গিয়ে ধানক্ষেতে মৃত অবস্থায় দেখতে পান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।