চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৬:৩৪ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১৮:২২ পিএম
বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন আ ফ ম খালিদ হোসেন। প্রবা ফটো
কম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা খুব কম সময়ের মধ্যে নির্বাচন দেব। জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা আমরা করব।
সোমবার (১৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম মহানগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, এতদিন ভোটের সিস্টেম, কালচারটা নষ্ট হয়ে গিয়েছিল। নির্বাচন কমিশনকে সাজিয়ে একটা ফেয়ার, ফ্রি, ইমপারসিয়াল নির্বাচন দেব। আপনারা; আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। যারা জনগণের ম্যানডেট পাবে, আমরা তাদের কাছে হস্তান্তর করে বিদায় নেব।
আমরা শাসন করতে আসি নাই মন্তব্য করে আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আগামী দিনে যারা শাসন করবে, আমরা তাদের জন্য পথ খুলে দিতে এসেছি। মনে রাখবেন-সব ধর্মে কিছু দুর্বৃত্ত আছে, তাদের ধর্ম নাই। এরা ক্রিমিনাল। তারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উপাসনালয়ে হামলা চালায়, আঘাত করে। এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে।’
বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্দেশে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা যেমন এদেশের নাগরিক, আপনারাও এদেশের নাগরিক। আপনারা মাথা উঁচু করে চলবেন। আপনারা আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান প্রবারণা, কঠিন চীবরদান পালন করবেন-রাষ্ট্র আপনাদের সহযোগিতা করবে।’
তিনি আরও বলেন, ‘পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। পাহাড় অশান্তি থাকলে সমতল শান্তিতে থাকতে পারে না। পাহাড় এবং সমতলে শান্তি ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করব।’
বৌদ্ধ নেতাদের কাছ থেকে ভারতের বুদ্ধগয়ায় তীর্থযাত্রায় ভিসা প্রাপ্তী বিষয়ে সমস্যার কথা শুনে তিনি এ বিষয়ে ভারতীয় হাইকমিশনে কথা বলবেন বলেন জানান ধর্ম উপদেষ্টা। এ ছাড়াও প্রবারণা পূর্ণিমায় সরকারি ছুটির বিষয়ে বৌদ্ধ নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে বৌদ্ধ সমিতির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কাছে দাবি উত্থাপন করলে তিনি এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উপসংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনায় বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি বর্তমান ধর্ম উপদেষ্টা আমাদের চট্টগ্রামের সন্তান। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে এই ভুখণ্ডে নিঃস্বার্থভাবে সবধর্মের জন্য কাজ করছেন। আসন্ন প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধরা স্বতঃস্ফূর্তভাবে ফানুস উড়াবে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমরা বৌদ্ধরা শান্তিপ্রিয় জাতি। পাহাড়ি বাঙালির মধ্যে শান্তি ফিরিয়ে আসবে। এ বিষয়ে সরকার কাজ করছেন।’
প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাস্থবিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি ছিলেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাস্থবির ও প্রধান সদ্ধর্মদেশক বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাস্থবির। প্রফেসর তুষার কান্তি বড়ুয়া ও অধ্যাপিকা ববি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক সত্যপ্রিয় বড়ুয়া, শাসনরক্ষিত মহাস্থবির, এম বোধিমিত্র মহাস্থবির প্রমুখ।