সংবাদ সম্মেলনে দাবি
গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৫:১৫ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১৫:১৬ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইজউদ্দিন আহম্মেদ নামে অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রচারের দাবি করেছে পৌর বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে তারা বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে।
সোমবার (১৪ অক্টোবর) বেলা ১ ১টার দিকে উপজেলার সফিপুর বাজারে তারা এই বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে।
এতে কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য জুলফিকার জনির সঞ্চালনায় বক্তব্য দেন পৌর বিএনপির নেতাকর্মীরা।
এ সময় বক্তরা জানান, বিএনপি নেতা সাইজুদ্দিন আহম্মেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মী ও নেতা। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ভুল ও অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফ্যাসিবাদের দোষররা এখন পলাতক। তবে তারা পলাতক থাকলেও ঘাপটি মেরে এলাকাতেই রয়েছে। তাদের দীর্ঘদিনের কামানো অবৈধ টাকা বিনিয়োগ করছে বিএনপি নেতাদের বদনাম করার জন্য। গতকাল যে সংবাদ প্রকাশিত হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিন্ন স্বার্থ হাসিলের চেষ্টা। আমরা সব নেতাকর্মী এসব কাজের নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহিনুজ্জামান, পৌর বিএনপির সদস্য সচিব আমজাদ হোসেন, পৌর সহ-সাধারণ সম্পাদক আব্দুল বারেক সরকার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিল সারোয়ার হোসেন আকুল, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোকলেছুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির বাবু প্রমুখ।
গতকাল রবিবার (১৩ অক্টোবর) ‘কালিয়াকৈরে ফের আলোচনায় মূর্তিমান আতঙ্ক সাইজুদ্দিন’ এই শিরোনামে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের প্রতিবাদ জানিয়ে আজ এই সংবাদ সম্মেলন করে পৌর বিএনপির নেতাকর্মীরা। তারা সংবাদটি অসত্য তথ্য দিয়ে প্রকাশিত হয়েছে বলে দাবি করেছেন।