বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ১৫:২৬ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২২ ১৫:৫৭ পিএম
বগুড়া আইনজীবী সমতির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত তিনজন সভাপতি প্রার্থী। ছবি: কোলাজ
বগুড়া আইনজীবী সমিতির নির্বাচনে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দুইটি প্যানেল থেকে লড়তে যাচ্ছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। বিরোধীদের দ্বন্দ্ব ও একক প্যানেল থেকে প্রার্থী দেওয়ায় নির্বাচনী লড়াইয়ে নিজেদের এগিয়ে রেখেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
তবে আওয়মী লীগ সমর্থিত আইনজীবীরা বলছেন, দুইটি প্যানেল থেকে নির্বাচনে লড়লেও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী তারা।
বিএনপি সমর্থিত আইনজীবীরারা বলছেন, বিএনপি ছাড়াও জামায়াত, গণফোরাম ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) আইনজীবীদের সমর্থন থাকায় নির্বাচনে নিজেদের এগিয়ে রাখছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
শুক্রবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন। এদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
ভোটার সংখ্যার দিক থেকে উত্তরাঞ্চলে আইনজীবীদের সবচেয়ে বড় এই সংগঠনের নির্বাচনকে ঘিরে এরই মধ্যে বগুড়ার আদালতপাড়ায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
এবার ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ এর ব্যানারে ‘মতিন-রোমান পরিষদ’ নামে একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মতিন। ‘মন্টু-নবাব পরিষদ’ নামে অপর প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বগুড়া জেলা আওয়ামী লীগের অপর সহসভাপতি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম মন্টু।
এ ব্যাপারে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য নরেশ মুখার্জী বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে দুইটি প্যানেল হলেও আমরা ভালো ফল করব। কারণ আমরা মূলধারার সঙ্গে আছি। যারা আমাদের বিরুদ্ধে প্যানেল দাঁড় করিয়েছেন তারা ২০-৩০ ভোটের বেশি পাবে না। তা ছাড়া জাতীয় পার্টির সমর্থক আইনজীবীরাও আমাদের সঙ্গে আছেন।’
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অপর প্যানেলের সভাপতি প্রার্থী রেজাউল করিম মন্টু বলেন, ‘আমরা আশাবাদী, ইনশাল্লাহ্ জয় আমাদের হবে।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ‘মুক্তা-বাছেদ’ নামে প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া শাখার সভাপতি আলী আজগর জানান, এবারের নির্বাচনে মোট ভোটার ৭৭৮ জন। এর মধ্যে প্রায় ৪৪ শতাংশ বা ৩৩৯ জন তাদের সংগঠনের সদস্য। এ ছাড়া জামায়াত, গণফোরাম ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) আরও অর্ধশত ভোট তাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ‘মুক্তা-বাছেদ’ প্যানেলের পক্ষে রয়েছে।
তিনি বলেন, ‘সব মিলিয়ে এবার আমাদের প্যানেলের ভোটারের সংখ্যা প্রায় ৩৯০ জন, যা মোট ভোটারের ৫০ শতাংশেরও বেশি। ফলে এবার আমরা ১৩টি পদের সবকটিতে জয়ের ব্যাপারে আশাবাদী। তারা দুইটি প্যানেল দেওয়ায় সেক্ষেত্রেও আমাদের সুবিধা রয়েছে।’