কক্সবাজার অফিস
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ১৮:২৮ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ১৯:০৩ পিএম
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে উন্মুক্ত মঞ্চে প্রতিমা বিসর্জনে মানুষের ঢল নেমেছে। প্রবা ফটো
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে প্রতিমা বিসর্জন উপলক্ষে আয়োজন করা হয় ‘বিজয়া সম্মেলন’। যেখানে নানা ব্যক্তিবর্গের বক্তব্য, ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষে হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
রবিবার (১৩ অক্টোবর) দুপুর ২টা থেকে সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে বিজয়া সম্মেলন অনুষ্ঠান শুরু হয়। এ সময় কক্সবাজার জেলা ও আশপাশের এলাকার অর্ধশতাধিক মণ্ডপ থেকে ট্রাকে করে আসতে শুরু করে প্রতিমা। একই সঙ্গে পর্যটক ও পূজারিদের সঙ্গে স্থানীয় দর্শনার্থীরা আসতে থাকে।
বেলা সাড়ে ৩টার আগে কক্সবাজার সমুদ্রসৈকত হয়ে ওঠে জনস্রোতের স্থান। লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে ঘিরে বালিয়াড়িতে একের পর এক প্রতিমা রাখা হয়। আর তাতেই জনস্রোতে মিশে যায় সৈকতের উত্তরের শৈবাল, কবিতাচত্বর পয়েন্ট আর উত্তরের সি গাল, সুগন্ধা থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত। সৈকতে মানুষের ঢল নামে। যেখানে কমপক্ষে ৩ লাখের অধিক মানুষের সমাগমের মধ্যে বিকাল সাড়ে ৫টায় সৈকতের ঢেউতে ‘মা দুর্গা কি, জয়’ স্লোগানে মুখরিত হয়ে একে একে ভাসিয়ে দেওয়া হয় প্রতিমাসমূহ।
কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু বলেন, ‘সৈকতে ৩ লাখের অধিক মানুষের সমাগমের মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। যেখানে ৫০টির অধিক প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘এ ছাড়া একই সময়ে কক্সবাজারের রামুর বাঁকখাল নদী, চকরিয়ার মাতামুহুরী, টেকনাফের সাগর ও নাফ নদ, উখিয়ার ইনানী সৈকত ও রেজুনদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।’
সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চের ‘বিজয়া সম্মেলন’ সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু। সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ সালাহ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, কক্সবাজারে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি মাহফুজুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপি সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, এবি পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক গোলাম ফারুক কায়সার, জামায়াত নেতা শহীদুল আলম বাহাদুর প্রমুখ।