× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবুলকে আরেক মামলায় গ্রেপ্তারের নির্দেশ আদালতের

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ১৪:৪৫ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২২ ১৬:২৩ পিএম

গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। ছবি : সংগৃহীত

গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। ছবি : সংগৃহীত

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামের অতিরিক্ত মহানগর হাকিম মুহাম্মদ আবদুল হালিম বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এই আদেশ দেন। 

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার তদন্তকারী সংস্থা পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত পিবিআই কর্মকর্তা নাঈমা সুলতানার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে ১৭ অক্টোবর রাতে পিবিআই কর্মকর্তা নাইমা সুলতানা খুলশী থানায় করা মামলাটি পুলিশ তদন্ত করছে। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) খুলশী থানার এসআই আরিফুর রহমান গ্রেপ্তার দেখানোর ওই আবেদন করেন। তবে এই মামলায় বাবুল আক্তারকে রিমান্ডে চেয়ে কোনো আবেদন করা হয়নি।

বাবুল আক্তারকে এদিন চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে শুনানি শেষে তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে।

একই ধরনের আরেকটি মামলা বাবুল ও তার স্বজনদের বিরুদ্ধে করেছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। ওই মামলায় ঢাকার একটি আদালতের নির্দেশে বাবুল আক্তারকে এরইমধ্যে রিমান্ড জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। চট্টগ্রামের মামলায় বাবুলের সঙ্গে আসামি করা হয়েছে তার ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবা আব্দুল অয়াদুদ মিয়াকে। 

মামলার অভিযোগে বাদি উল্লেখ করেছেন, বাবুল আক্তারসহ অন্য আসামিরা মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে ইলিয়াস হোসেনকে দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ‘স্ত্রী খুন, স্বামী জেলে, খুনি পেয়েছে তদন্তের দায়িত্ব’ শিরোনামে ফেসবুক ও ইউটিউবে ডকুমেন্টারি ভিডিও প্রচার করেছেন। ভিডিওতে যে বক্তব্য রয়েছে তার মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।  

নাইমা সুলতানা মামলা করার আগে গত ৮ সেপ্টেম্বর আদালতে মামলার আর্জি জমা দিয়েছিলেন বাবুল আক্তার। সেই আর্জিতে পিবিআই প্রধানসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। শুনানি শেষে আদালত গত ২৫ সেপ্টেম্বর বাবুলের আবেদন খারিজ করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা