সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ২১:১২ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ২১:৫৩ পিএম
ঢাকার সাভারে একটি ফার্নিচার কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠান থেকে টাকা ও ফার্নিচার তৈরির মালামাল নিয়ে গেছে ডাকাতরা।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের নাভানা ফার্নিচারের কর্মকর্তা আরিফ হোসেন ও সোহেল আহমেদ। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ওই ফার্নিচারের কারখানায় ডাকাত ঢুকে ভোর পর্যন্ত ডাকাতি করে বলে জানান তারা। এ ঘটনায় সাভার থানায় একটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিন-চারজন লোক গেটে এসে কোম্পানির মালামাল নিয়ে আসার কথা বলে চালান দেয় নিরাপত্তাকর্মীদের। গেট খোলার সঙ্গে সঙ্গে ডাকাত দল কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এর পর আরও ২৫-৩০ জন ডাকাত অস্ত্রের মুখে ১৩ জন নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে একটি কক্ষে বন্দি করে রাখে। এ সময় তাদের কাছে থাকা মোবাইল ও নগদ প্রায় ৬০ হাজার টাকা নেয় ডাকাতরা। এর পর নিরাপত্তাকর্মীরা শুধু তাদের চলাফেরা এবং গাড়ি চলাচলের শব্দ শুনতে পান। আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে শব্দ শুনতে না পেয়ে মুখ দিয়ে একে অপরের বাঁধন খুলে দেখেন একটি মাইক্রোবাস কারখানার বিভিন্ন মালামালসহ অফিসে থাকা নগদ টাকা নিয়ে যায়।
কারখানার কর্মকর্তা আরিফ হোসেন বলেন, আমরা সবাই আতঙ্কিত, এই মুহূর্তে কিছু বলতে পারছি না। ঊর্ধ্বতন কর্মকর্তা বিস্তারিত বলবেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক ও ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজ উদ্দিন বলেন, ডাকাতির খবর পেয়ে নাভানা ফার্নিচারে গিয়েছিলাম। অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখছি। কারখানা কর্তৃপক্ষ ক্ষতির পরিমাণ মালামালের সামারি করছেন।