কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ২০:৫৩ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ২১:০৪ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় রাজনৈতিক প্রতিহিংসায় রাতের আঁধারে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের পুনামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এতে কমপক্ষে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত শানু খান।
জানা গেছে, গত শুক্রবার রাতে ঘেরে মাছের খাবার দিয়ে বাসায় যান শানু খান। গতকাল সকালে এসে দেখেন ঘেরের বেশিরভাগ মাছ মরে পানিতে ভেসে উঠেছে, কিছু মাছ ছটফট করছে।
স্থানীয় খলিল সিকদার বলেন, সকালে শুনতে পাই শানু মিয়ার ঘেরের মাছ মরে গেছে। অত্যন্ত দুঃখজনক।
ক্ষতিগ্রস্ত শানু খান বলেন, ‘গভীর রাতে কে আমার এত বড় ক্ষতি করল, তা আমি জানি না। সকালে এসে দেখি আমার ঘেরের সব মাছ ভেসে উঠছে। এতে আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার প্রতিপক্ষরা রাতের আঁধারে এমন ঘৃণিত কাজটি করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, এটি সত্যিই দুঃখজনক। এ বিষয়ে থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিকে আমরা সার্বিক সহযোগিতা করব।