শিবচর (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৮:০৮ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১৮:৩৪ পিএম
সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রবা ফটো
মাদারীপুরের শিবচরে বিয়ে বাড়ির বৌভাত অনুষ্ঠানে মুরগির রোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ডিসি রোড এলাকার রিপন দেওয়ানের মেয়ে ফাতেমাতুজ জোহরার সঙ্গে পার্শ্ববর্তী ৪ নম্বর ওয়ার্ডের যাদুয়ারচর মোড়লকান্দি গ্রামের আজিমুদ্দিন বেপারির ছেলে খলিল বেপারির পারিবারিকভাবে বিয়ে হয়। শনিবার দুপুরে বরেরবাড়িতে আয়োজন করা হয় বৌভাত অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় নিলখী ইউনিয়নের সুরুজ মিয়াকে। দুপুরে মেহমান সুরুজকে খাবার পরিবেশন করা হয়।
এ সময় মেহমান সুরুজ মিয়াকে মুরগির রোস্ট দেওয়াকে কেন্দ্র করে খলিল বেপারির বাড়ির লোকদের বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে হেমায়েত ঢালী, বিল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গুরুতর আহতাবস্থায় হেমায়েত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি মো. মোকতার হোসেন বলেন, ‘বিয়ে বাড়িতে মুরগির ভাঙা রোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’