× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজামণ্ডপে ইসলামি সংগীত

সজল দত্তসহ ছয় ‘শিল্পীর’ বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দুই

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১৮:২৬ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ১৯:৪৩ পিএম

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি সংগীত গাওয়ার ঘটনায় মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি সংগীত গাওয়ার ঘটনায় মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি সংগীত গাওয়ার ঘটনায় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তসহ সংগীত গাওয়া ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কোতোয়ালি থানায় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মামলাটি করা হয়।

এর আগে এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আটক হওয়া দুজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তারা হলেন- শহীদুল করিম ও নুরুল করিম। তারা চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পী। বৃহস্পতিবার সন্ধ্যায় পূজামণ্ডপে যে ছয়জন গান গেয়েছিলেন তাদের মধ্যে এই দুজনও ছিলেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সজল দত্তের অনুরোধে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় শিল্পী পূজার অনুষ্ঠানে আসেন এবং একটি ইসলামিক গান ও একটি বাউল গান পরিবেশ করেন। ওই গানের ভাষায় শব্দচয়ন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বলে প্রতীয়মান হয়। ইতোমধ্যে অনুষ্ঠানে পরিবেশন করা দুটি গান সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াসহ উত্তেজনা সৃষ্টি হয়।’

তিনি বলেন, ‘সজল দত্ত ও গান পরিবেশনকারী ছয়জনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এজাহার দায়েরের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে কোতোয়ালি থানায়। আটককৃত দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জেএম সেন হলের দুর্গাপূজার মণ্ডপে অনুষ্ঠানের মঞ্চে ইসলামি সংগীত পরিবেশন করেন ওই সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এ ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম রাতেই ওই পূজামণ্ডপে গিয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেন।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩ মিনিটের ভিডিওটিতে দেখা যায়, ছয়জন তরুণ মঞ্চে গান পরিবেশন করছেন। এ সময় তারা একটি ইসলামি সংগীত পরিবেশন করেন। আশপাশে উপস্থিত কয়েকজনকে সেটি মোবাইল ফোনে ধারণ করতে দেখা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা