পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১৭:১৯ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ১৭:২৮ পিএম
নিখোঁজের ১৩ দিন পর কক্সবাজারের পেকুয়া থেকে অপহৃত শিক্ষক মোহাম্মদ আরিফের লাশ তার নিজ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকালে ঘরের পাশে একটি পরিত্যক্ত পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
পেকুয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
শিক্ষক মোহাম্মদ আরিফের বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকায়। অপহরণের পর থেকে বিভিন্ন মাধ্যমে তার মুক্তিপণ দাবি করা হয়।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর নিখোঁজ হন শিক্ষক আরিফ। ওই দিন রাত ৮টা ৪৫ এর দিকে নিজ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। পরে ওই রাতেই ১২টার দিকে প্রথম কল করে অপহরণকারীরা। এরপর কয়েক দফায় ফোনে যোগাযোগ করা হয়। চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। পরিবার টাকা দিতে রাজিও হয়। কিন্তু তারপরও অপহরণকারীরা শিক্ষক আরিফকে ছেড়ে দেয়নি। আজ শুক্রবার শিক্ষক আরিফের মরদেহ তার নিজ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।