মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ১৯:৫৪ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ২০:১১ পিএম
সালাহ উদ্দিন আহমেদের মরদেহ। প্রবা ফটো
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি রিসোর্ট থেকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের রাধানগর গ্রামে অবস্থিত বালিশিরা রিসোর্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সালাহ উদ্দিন মাহমুদ বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৯ অক্টোবর) তিনি মৌলভীবাজারে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। মৌলভীবাজারের অনুষ্ঠানগুলো শেষ হওয়ার পর রাত আনুমানিক ১০টার দিকে তিনি শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে আসেন এবং রিসোর্টের দ্বিতীয় তলায় ৫ নম্বর কক্ষে ঘুমাতে যান।
বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের আরও কয়েকটি অনুষ্ঠানে তার অংশগ্রহণের কথা ছিল। সে কারণে সকাল সাড়ে ৮টার দিকে রিসোর্টের স্টাফরা তার কক্ষে গিয়ে ডাকাডাকি করলেও তিনি কোনো সাড়া দেননি। পরে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ বিকল্প উপায়ে জানালা দিয়ে তার কক্ষে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সকালে আমরা তথ্য পেয়ে বালিশিরা রিসোর্টে গিয়ে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার করি। বুধবার রাত ১০টার পর থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার মধ্যে তিনি যেকোনো সময় মারা গেছেন। তার পরিবারকে মরদেহ গ্রহণের জন্য খবর পাঠানো হয়েছে। তাদের আসতে দেরি হওয়ায় মরদেহ সাবেক অতিরিক্ত সচিবের সহকর্মী এসএমই ফাউন্ডেশনের সহকারী জেনারেল ম্যানেজার মাসুদুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।’