চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ১৮:২৩ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ১৮:৪৪ পিএম
শাটার খুলে নিয়েছে গ্রাহকরা। প্রবা ফটো
চট্টগ্রামে টিকটকারদের সঙ্গে আড্ডা ও ৭০ টাকায় বিরিয়ানির অফার বাস্তবায়ন না হওয়ায় একটি দোকানের শাটার খুলে নিয়েছে গ্রাহকরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) নগরীর নিউমার্কেট মোড় এলাকার হাজী বিরিয়ানি হাউস মিশনারি মার্কেট শাখায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল বশার সাজিদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গ্রাহকদের ৭০ টাকায় কাচ্চি বিরিয়ানি খাওয়ানো ও তিন টিকটকারের সঙ্গে আড্ডার অফার ঘোষণা করেছিল চট্টগ্রামের হাজী বিরিয়ানি হাউসের একটি শাখা। এমন অফারে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে অনেক লোক জড়ো হয়। কিন্তু ঘোষিত অফার বাস্তবায়ন করতে পারেনি কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে ওই শাখায় ভাঙচুর চালিয়ে হাউসটির শাটার খুলে নিয়ে যায় গ্রাহকরা।
এ বিষয়ে এসআই খাইরুল বশার সাজিদ বলেন, ‘১৭০ টাকার কাচ্চি বিরিয়ানি ৭০ টাকায় বিক্রির অফার দিয়েছিল প্রতিষ্ঠানটি। এ ছাড়া খেতে আসা গ্রাহকদের সোহাগ, রোমান, ইমরান নামে তিন টিকটকারের সঙ্গে আড্ডার সুযোগ রয়েছে বলেও ঘোষণা দেন তারা। কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি লোক সেখানে সমবেত হয়। তখন কর্তৃপক্ষ জানায় তারা পার্সেলে বিরিয়ানির অফার দেবে না, শুধু ডাইনিংয়ে অফারটি থাকবে। এজন্য গ্রাহকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। এরই জেরে দোকানে হামলার ঘটনা ঘটে এবং তারা দোকানের শাটার খুলে নিয়ে চলে যায়।’