× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিন পেয়ে হাসপাতাল ছাড়লেন এম এ মান্নান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ১৭:২৪ পিএম

জামিন পাওয়ার পর হাসপাতাল ছাড়েন এম এ মান্নান। ছবি : সংগৃহীত

জামিন পাওয়ার পর হাসপাতাল ছাড়েন এম এ মান্নান। ছবি : সংগৃহীত

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাবেক পরিকল্পনামন্ত্রী ও সংসদ সদস্য এম এ মান্নান হাসপাতাল ছেড়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে কারাগার থেকে মুক্তির সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছন। তিনি বলেন, ‘সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন হওয়ায় তাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে মেডিকেল বোর্ড।’

এর আগে তার চিকিৎসার জন্য ৬ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে প্রধান করে মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর সার্বিক বিষয় পর্যালোচনা করে তাকে চিকিৎসকরা হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। হাসপাতালের তৃতীয় তলার ১৩ নম্বর কেবিনে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে চিকিৎসা দেওয়া হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন রুবেল জানান, জামিনের কাগজপত্র পর্যালোচনা করার পর সাবেক মন্ত্রী মান্নানকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।

এদিকে বুধবার (৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুরের আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আবদুল হামিদ বলেন, ‘অসুস্থতা ও বয়স বিবেচনায় আদালত এম এ মান্নানের জামিন দিয়েছেন। আদালতের রায়ে আমরা খুশি।’

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের হাফিজ আহমদ বাদী হয়ে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একটি মামলা করেন। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, রনজিত চন্দ্র সরকার, মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখতসহ ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়।

এই মামলায় এম এ মান্নানকে ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে পাঠানো হয়। এরপর থেকে সুনামগঞ্জ জেলা কারাগারে ছিলেন তিনি। ২৩ সেপ্টেম্বর আদালতে তার জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু জামিন মঞ্জুর করা হয়নি।

সুনামগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে থাকা অবস্থায় ৫ অক্টোবর সকালে এম এ মান্নান অসুস্থতাবোধ করেন। পরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকরা দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা