৬ বছর আগে হামলা
কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ১৬:৪৭ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ১৭:২৯ পিএম
৬ বছর আগে জামিন নিতে এসে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে হামলার শিকার আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া মডেল থানায় করা এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০/৩০ জনকে আসামি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাহমুদুর রহমান বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। বিষয়টি নিয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান।
মাহমুদুর রহমান মামলা দায়েরের পর সাংবাদিকদের বলেন, ৬ বছর আগে (২০১৮ সালের ২২ জুলাই) আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার ওপর নৃশংস হামলা হয়েছিল। সেই হামলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ সভাপতি ও তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বারষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। এ ছাড়া ছাত্রলীগের স্থানীয় সন্ত্রাসীরা ছাড়াও আরও নেতারা জড়িত ছিল।
তিনি আরও বলেন, আমি ন্যায়বিচার পাওয়ার আশায় মামলা করেছি। পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।
এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি।
মামলা দায়েরের পর কুষ্টিয়া প্রেস ক্লাব আয়োজিত এক সংবর্ধনা সভায় যোগ দেন মাহমুদুর রহমান। সভা শেষে সেখান থেকে কুমারখালী উপজেলার কয়া গ্রামে বুয়েট শিক্ষার্থী ছাত্রলীগের হামলায় নিহত আবরার ফাহাদের বাসায় যান তিনি।