চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ১৯:২২ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪ ১৯:২৯ পিএম
চট্টগ্রামে ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ বাড়তি দামে ডিম বিক্রির অভিযোগে ‘জান্নাত পোল্ট্রি’ নামে এক ডিমের আড়তে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ অক্টোবর) নগরীর পাহাড়তলী ডি টি রোড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। একই অভিযানে ওই এলাকার আরও দুটি প্রতিষ্ঠান ‘মিনহাজ মেডিসিন ট্রেডার্স’কে ২০ হাজার ও ‘মডার্ণ পোল্ট্রি অ্যান্ড ফিড সেন্টার’কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও মো.আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ আমরা পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ডিম বিক্রয়, ক্রয় ও বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা এবং মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের অধিক মূল্যে ডিম বিক্রয় করায় ‘জান্নাত পোল্ট্রি’ নামক ডিমের আড়তকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মোড়কবিধি লঙ্ঘন, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ওষুধ বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অভিযোগে ‘মিনহাজ মেডিসিন ট্রেডার্স’কে ২০ হাজার এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘মডার্ণ পোল্ট্রি অ্যান্ড ফিড সেন্টার’কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।