যশোর প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪ ১৬:৩৫ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪ ১৭:৪০ পিএম
সাইফুল ইসলাম সাগর। প্রবা ফটো
যশোরে হাতুড়ি দিয়ে পিটিয়ে সাইফুল ইসলাম সাগর নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিন বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া বাজারসংলগ্ন ব্রিজের ওপর তাকে পিটিয়ে আহত করে ফেলে যায় দুর্বৃত্তরা।
নিহত সাগর সদর উপজেলার বালিভেকুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতি, মাদকসহ অস্ত্রসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুর রাজ্জাক প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সাগরের ভাই আকাশ বলেন, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই সন্ত্রাসীরা আমার ভাইকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে মুমূর্ষ অবস্থায় ডেকুটিয়া বাজারে ফেলে রেখে গেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ভাইকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করি। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। আমরা রাতেই তাকে ঢাকার উদ্দেশে রওনা হই। একপর্যায়ে পদ্মা সেতু পার হওয়ার পরেই আমার ভাইয়ের মৃত্যু হয়। সেখান থেকে আমরা ফিরে ভাইয়ের মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে নিয়ে আসি। মরদেহ ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
তবে তার ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত সেই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। মরদেহ দাফনের পর থানা মামলা করা হবে বলেও তিনি জানান।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, সাগর হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ অপরাধীদের শনাক্ত করতে মাঠে নামছে। তা ছাড়া ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় মামলা করেনি। মামলা করলে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আশ্রয়ে আসা হবে।