কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪ ১৬:১৭ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪ ১৮:৩৪ পিএম
দুমড়েমুচড়ে যাওয়া মালবাহী কাভার্ড ভ্যান। প্রবা ফটো
কক্সবাজারের উখিয়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মালবাহী কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক ) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কাঁশিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশের শাহপরী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে মোস্তফা কামাল বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় উখিয়া উপজেলার কাঁশিরবিল এলাকায় টেকনাফমুখী মালবাহী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে কাভার্ড ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনায় আহত গাড়ির চালককে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, চালক গাড়ি চালানোর সময় ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতে পরিচয় নিশ্চিতে পুলিশ খোঁজখবর নিচ্ছে।’
এসআই মো. মোস্তফা কামাল বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।