খুলনা সংবাদদাতা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ০০:০০ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২২ ১৪:২০ পিএম
খুলনার দাকোপে পশুর নদীতে বিলীন হয়ে গেছে প্রায় ১৫০ মিটার বেড়িবাঁধ। ছবি: প্রবা
খুলনার দাকোপ উপজেলায় পশুর নদের খলিশা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের প্রায় ১৫০ মিটার এলাকা ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরের জোয়ারে এটি ভাঙ্গতে শুরু করে। বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করায় খলিশা ও পানখালী গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ির মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, পাউবোর ৩১ নম্বর পোল্ডারের পানখালী গ্রামের বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দেয়। তখন এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার ভোরে সেটি ধসে পড়তে থাকে। দুপুরের জোয়ারে বেড়িবাঁধের প্রায় ১৫০ মিটার পশুর নদীতে বিলীন হয়েছে। বাঁধের পাশেই ১৫টি বসতঘরবাড়ি ও নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পশুর নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় বড় খলিশা ও পানখালী গ্রামের প্রায় ১০০ বাড়ি প্লাবিত হয়েছে। এতে প্রায় এক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
পানখালী গ্রামের তাপস রায় বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার দিকে বাঁধে অল্প ফাটল দেখা দেয়। মনে করেছিলাম কিছু হবে না। কিন্তু বুধবার দুপুরে সেটি ভেঙ্গে আমার বসতবাড়ি নদীগর্ভে চলে গেছে।’
পরিমল রায় বলেন, ‘আমাদের নদীর পাড়ে বসবাস করতে হয়। জোয়ার আসলেই ভয় লাগে। যাদের ঘর নদী গর্ভে বিলীন হয়েছে তারা হলেন অনুরূদ্ধ রায়, মহাদেব কুমার রায় ওরফে ছোট মহাদেব, কিংকর রায়, শংকর রায়, মহাদেব রায়, অমল কৃষ্ণ রায়, মলয় রায়, প্রণয় কুমার রায়, জ্যোতিশংকর রায় এবং প্রভাত রায়।’
পানখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ বলেন, ‘পাউবোর ৩১ নম্বর পোল্ডারের খলিশা গ্রামে বাঁধ ভেঙ্গে শতাধিক বাড়ি প্লাবিত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেছি। বাঁধ আটকানোর চেষ্টা চলছে।’
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ‘ভাঙ্গন প্রতিরোধে কাজ চলছে। আশা করছি রাতেই বাঁধ আটকানো যাবে। ভাঙ্গন এলাকা থেকে অনেক পরিবার তাদের ঘরবাড়ি ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিয়েছে।’
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস বলেন, ‘খলিশা গ্রামে ভয়াবহ নদী ভাঙ্গন সম্পর্কিত বিষয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক স্যারকে অবগত করেছি। এ ছাড়া নদী ভাঙ্গন স্থানে দ্রুত যুগোপযোগী টেকসই বাঁধ নির্মাণের জন্য পাউবো কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।’