কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১৭:৩০ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১৮:৩৭ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ২০টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খায়েরহাট আস্তানা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আব্দুল্লাহ মোল্যা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য নিয়ে বর্তমান ইউপি সদস্য আবু জাফর শিকদার ও সাবেক ইউপি সদস্য বদিউজ্জামান বতু গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত শনিবার রাতে ইউপি সদস্য জাফরের সমর্থক আরিফ শিকদারকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ।
ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ভোরে জাফর শিকদারের নেতৃত্বে তার লোকজন ঢাল, সুড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে বতু গ্রুপের সমর্থক মফিজ, কালু, ইউনুস, ফিরোজ, হান্নান, সামাদ, আহাদ, ফরহাদ, মাসুদ, সাকিব শেখ, ইকবাল, মনির, কামরুল, ফারুক শিকদারের ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এসব ঘরে থাকা টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার, মালামাল, নগদ টাকা লুটপাট করে হামলাকারীরা। পরে কাশিয়ানী ও মুকসুদপুর থানা পুলিশ, কাশিয়ানী সেনাবাহিনীর টহলদল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, এলাকার আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে ওই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। একজনকে আটক করা হয়েছে।