চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ২৩:৩০ পিএম
চার’শ ফুট দৈর্ঘ্যের ৭ তলা বিশিষ্ট বিলাসবহুল প্রমোদতরি বে-ওয়ান আগামী ৮ ডিসেম্বর নতুন আঙ্গিকে চালু হচ্ছে। ওইদিন রাত ১০টায় জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে নগরীর পতেঙ্গা থানাধীন ওয়াটার বাস টার্মিনালে অবস্থানরত এমভি বে-ওয়ান জাহাজে সংবাদ সম্মেলনে জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান কর্ণফুলী ক্রুজলাইন কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
২০২০ সালে চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে জাহাজটি প্রথম চলাচল শুরুর করে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এ রশিদ বলেন, ‘৭ তলা বিশিষ্ট পাঁচ তারকা মানের জাহাজটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাত ১০টায় চট্টগ্রাম থেকে ছেড়ে শুক্রবার ভোরে সেন্টমার্টিন পৌঁছবে। সেখানে একদিন এক রাত অবস্থান করার পর শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম ফিরবে।’
সংবাদ সম্মেলনে তিনি সম্প্রতি জাহাজটিতে নতুন নতুন সুযোগ সুবিধা বাড়ানো বিষয়টি তুলে ধরেন।
কর্ণফুলী ক্রুজলাইনের পরিচালনাধীন ১৮০০টি আসনের জাহাজটিতে সাধারণ চেয়ার থেকে বিলাসবহুল কেবিন, বাফেট রেস্তোঁরাসহ একাধিক ট্রেডিশনাল রেস্তোঁরা, আইসক্রিম ও কফিবার, ব্র্যান্ড শপ আছে।
কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘মেশিনারিজ জিনিস যে কোনো সময় বিকল হতে পারে। দুর্ঘটনা ঘটলে যাত্রীরা যাতে নিরাপদ থাকতে পারে, সেজন্য জাহাজে লাইফ জ্যাকেট, জীবনতরীসহ সব ধরনের জীবন রক্ষাকারী যন্ত্রপাতি জাহাজে আছে। ৯০০ যাত্রীর বিপরীতে ১৮০০ জীবন রক্ষাকারী সরঞ্জাম জাহাজে আছে। আগে জাহাজটিতে একটি রেস্টুরেন্ট ছিল, এখন দোতলায় আরও একটি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে।’
তিনি আরও বলেন, গাড়িতে দুর্ঘটনা ঘটবে, তাই গাড়িতে যাব না। জাহাজে দুর্ঘটনা ঘটবে, তাই জাহাজে যাব না। এভাবে হলে তো চলবে না। দুই বছর আগে জাহাজে আগুনের যে ঘটনা ঘটেছে সেটি তেমন কোনো বড় ঘটনা ছিল না। শতভাগ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই আমরা জাহাজটি পরিচালনা করছি। এখানে চিন্তা করার কিছু নেই।
জাহাজে অগ্নিকান্ডের ঘটনা সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, ওই সময় ইঞ্জিন রুমে একটি শর্ট সার্কিট হয়েছিল। খুব ছোট ঘটনা। সাথে সাথে জাহাজে থাকা আমাদের নাবিকরা আগুন নিভিয়ে ফেলেন। এরপরও ছোট ঘটনাটিকে অনেকে বড় করে উপস্থাপন করেছেন। বিষয়টি খুবই দুঃখজনক।
নতুন মৌসুমে জাহাজের ভাড়া কমানো হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। নতুন তালিকা অনুযায়ী জাহাজটির ইকোনোমি ক্লাস চেয়ারের ভাড়া রাউন্ড ট্রিপ চার হাজার ৫০০, ওয়ানওয়ে দুই হাজার ৫০০ টাকা। বিজনেস ক্লাসে চেয়ার রাউন্ড ট্রিপ ৬ হাজার টাকা, ওয়ানওয়ে তিন হাজার ৩০০ টাকা। ওপেন ডেক রাউন্ড ট্রিপ ছয় হাজার ৩০০ টাকা। বাংকার বেড রাউন্ড ছয় হাজার ৫০০ টাকা। ফ্যামিলী ব্যাংকার বেড রাউন্ড ট্রিপ ৩০ হাজার টাকা। ভিভিআইপি প্রেসিডেনশিয়াল কেবিনে রাউন্ড ট্রিপে ৩২ হাজার টাকা। রয়েল কেবিন রাউন্ড ট্রিপ ৩৪ হাজার টাকা। বেলকুনিসহ অ্যাটাস্ট বাথ সুবিধা সম্বলিত দ্যা এমপেররস কেবিন রাউন্ড ট্রিপ ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।