পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ০০:৩০ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১১:২৭ এএম
শিক্ষক মোহাম্মদ আরিফ। ছবি: সংগৃহীত
পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ। দীর্ঘদিনের আমেরিকার জীবন ছেড়ে শিক্ষকতা পেশায় আসা মানুষটি গত ২৮ সেপ্টেম্বর নিখোঁজ হন। ওই দিন রাত ৮টা ৪৫ এর দিকে নিজ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। পরে ওই রাত ১২টার দিকে প্রথম কল করে অপহরণকারীরা। এরপর কয়েক দফায় ফোনে যোগাযোগ করা হয়। সেই মানুষটিকে আজও উদ্ধার করা যায়নি। যার ফলে স্বজনদের মধ্যে বেড়েছে আতঙ্ক।
গত শনিবার বিশ্বব্যাপি পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। তবে ওইদিনও কক্সবাজারের পেকুয়ায় সেন্ট্রাল স্কুলে ছিল না কোনো আনন্দ। ছিল না শিক্ষার্থীদের কোনো উচ্ছ্বাসও। প্রিয়জনের জন্য হাহাকার এবং আপনজনকে সুস্থবস্থায় বাড়িতে ফিরে পাওয়ার সবটুকু চেষ্টা৷
আরিফের ছোট ভাই রিয়াদের ভাষ্যমতে, স্ত্রী এবং মায়ের মোবাইলে আরিফের নম্বর হতে ফোন আসে কয়েকবার। ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হয়েছে শুধু প্রতিশ্রুতির পরিবর্তন।
সন্তানকে হারিয়ে আরিফের মা মেহেরুন্নেছা আহাজারি করে বলেন, ‘আমরা কিচ্ছু চাই না শুধু আমার ছেলেটাকে ফেরত চাই। বাজারে গেলে মা কী লাগবে শুধু এই প্রশ্নটার জন্য ফোন আসত কতবার। শুধু আমার সন্তানকে ফেরত চাই।’
আরিফের ছোট বোনের কান্না যেন থামছেই না। নিজের পিতৃতুল্য ভাইকে হারিয়ে যেন তিনি স্তব্ধ। নিখোঁজ আরিফের সন্তানদের মুখে এখন আর হাসি নেই। শুধু একনজর বাবাকে দেখার ইচ্ছা আর প্রচন্ড অপেক্ষার হতাশা গ্লানি।
মেয়ের রুশদা কন্ঠে করুণ সুর, আব্বু আমাকে হাফেজ হতে হবে বলতেন। মন দিয়ে পড়তে বলতেন যেন আমাকে নিয়ে গর্ব করতে পারেন। আমি পড়ি কিন্তু আব্বু আমার কাছে নেই। আমার আব্বুকে আপনারা এনে দেন।
পৃথিবীর কঠিন সমীকরণ না বুঝা ছেলেটার মুখে শুধু একটি বাক্য আসে, আম্মার আব্বু কই। সে আর চিপস চকলেটের জন্য কান্না করে না। ভুক্তভোগীর স্ত্রীর ভাষ্যমতে অপহরণ করে আরিফকে পেকুয়া রেখে চট্টগ্রাম শহরে বিভিন্ন স্থানে আসার কথা বলে বিভ্রান্ত করেছে অপরাধীরা।
সর্বশেষ, চট্টগ্রামে নিয়ে এসে তাদের কয়েক দফা ৩৫ থেকে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরিবার রাজি হলেও যোগাযোগ করার নেই উপায়, বার বার অনুরোধ করা সত্ত্বেও ভুক্তভোগীর সাথে কথা বলার সুযোগ দেয় অপরাধীরা।
কান্নায় জর্জরিত হয়ে ভুক্তভোগীর স্ত্রী মাহবুব আনোয়ার লাইজু বলেন, ‘কোনো কিছুর বিনিময়ে আমার স্বামীকে ফেরত চাই। আমার বাচ্চা দুইটাকে আমি ফোন দিতে পারি না, শুধু আব্বু কই আব্বু কখন আসবে এই প্রশ্ন করে। স্বামীকে ফিরে পাওয়ার আশায় চট্টগ্রাম শহরে দ্বারে দ্বারে ঘুরছি আজ অনেক দিন। প্রশাসনের সর্বোচ্চ সক্রিয়তায় যেন আমার সন্তানদের এতিম হওয়া থেকে বাঁচায়।’
নিখোঁজ মো. আরিফের সন্ধান চেয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মানববন্ধন করেন পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনিস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এবং শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।