পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ২১:১৬ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ২১:৫১ পিএম
পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে তিন ঘণ্টা কচুরিপানায় ভর্তি গভীর খালের পানিতে ডুবে থেকেও রক্ষা হলো না ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি বেলাল হোসেনের।
কচুরিপানায় ভর্তি গভীর খালের পাড়ে কাজ করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পানিতে ঝাঁপ দেন তিনি। সঙ্গে সঙ্গে পুলিশও ঝাঁপ দেয় খালের পানিতে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় অবশেষে কচুরিপানার মধ্য থেকে বেলালকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গত শনিবার বিকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
রবিবার (৬ অক্টোবর) মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ জানান, গ্রেপ্তার মো. বেলাল হোসেন মির্জাগঞ্জ থানায় করা একটি ধর্ষণ মামলার আসামি। গত জুলাই মাসে বেলাল হোসেন ও বশির উদ্দিনের নামে একটি ধর্ষণ মামলা করেন এক নারী। মামলার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন। গতকাল আসামি বেলাল নিজ গ্রামের একটি খালের পাড়ে কাজ করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি খালের পানিতে ঝাঁপ দিয়ে কচুরিপানার মধ্যে লুকিয়ে পড়েন। তাকে ধরতে এই পুলিশ সদস্যরাও খালে ঝাঁপ দেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় কচুরিপানার ভেতর থেকে বেলালকে গ্রেপ্তার করা হয়।