কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ২০:১৪ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ২১:১৬ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে কত মায়ের বুক খালি হলো, কত মেধাবী জীবন দিল, আরেক দিকে একদল লোক লুটপাট নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা লুটপাট করেছে, চুরি করেছে, ওই সব স্বভাবী চোর এমপি, মন্ত্রী, আমলাদের হাত কেটে দিতে হবে। তাহলে অন্যরা সাবধান হয়ে যাবে।
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মোকামবাড়ী শাহী ঈদগাহ্ মাঠে রবিবার (৬ অক্টোবর) বিকালে ইসলামী আন্দোলন চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে গণহত্যার বিচারসহ ৪ দফা দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ইসলামি দলগুলোর ঐক্যের বিষয়ে তিনি বলেন, ঐক্যের ডাক এসেছে। আমরা চাই ইসলামি দলগুলোর একটিমাত্র বাক্স থাকুক। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শাসন কায়েম করতে হবে।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, বরিশালের জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি হেদায়াতুল্লাহ্ খাঁন আজাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নূর হোসাইন প্রমুখ।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ভারতে মুসলমানরা তাদের ধর্মীয় নিয়ম-কানুন পালন করতে পারে না। বিজাতিরা বিশ্ব দরবারে ইসলামকে এমনভাবে উপস্থাপন করেছে যে মানুষ ইসলামের কথা শুনলে ভয় পায়। আসলে ইসলাম শান্তির ধর্ম। ভয়ের জিনিস না। ইসলামে চোরের হাত কাটার নিয়ম আছে। তবে ব্যাখ্যাটা জানতে হবে। চোর দুই প্রকার, অভাবী চোর, স্বভাবী চোর। ক্ষুধার জ্বালায় বা অভাবী চুরি করলে তাকে ক্ষমা করা যায়। কিন্তু আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ ও আমলারা হচ্ছে স্বভাবী চোর। তারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। তাদের কয়েকজনের হাত কেটে দিলে অন্যরা সাবধান হয়ে যাবে।