বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ২১:০৮ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ২১:২৬ পিএম
উদ্ধার হওয়া মাথার খুলি ও হাড়। ছবি : প্রবা
বগুড়ায় পরিত্যক্ত ডোবা থেকে তিনটি মাথার খুলিসহ হাড় উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার বাঘোপাড়া দক্ষিণপাড়া এলাকা থেকে বুধবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এসব খুলি ও হাড় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাথার খুলিসহ হাড়গুলো অনেক আগের বলে মনে করছেন বগুড়া সদর থানার এসআই রুম্মান হাসান।
গোকুল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য নুর আলম মিলন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্লাস্টিক ও পুরাতন সামগ্রী সংগ্রহকারীরা বাঘোপাড়া দক্ষিণপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ডোবায় নামে। এমন সময় তারা একটি প্লাস্টিকের বস্তা খুঁজে পায়। তারা সেই বস্তা খুলে তিনটি মাথার খুলিসহ হাড় দেখতে পেয়ে ভয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জরুরি পরিষেবা ৯৯৯ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে।’
এসআই রুম্মান হাসান জানান, ‘পুরাতন প্লাস্টিকের বস্তা থেকে উদ্ধার হওয়া তিনটি খুলিসহ হাড় দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এগুলো ২০-২৫ বছর আগের। আর পরিত্যক্ত ডোবার পাশেই একটি কবরস্থান ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।’
উদ্ধার হওয়া মাথার খুলিসহ হাড় কী করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’