নাটোর প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪ ২০:৪৪ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪ ২০:৪৯ পিএম
নাটোরের নলডাঙ্গায় ট্রেনের দরজায় দাঁড়িয়ে উঁকি দেওয়ার সময় রেলওয়ের ওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচিত (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকালে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত শিশুটির পরিচয় জানা যায়নি। তবে সে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিল বলে নিশ্চিত করেন মাধনগর রেলস্টেশনের মাস্টার ইমদাদুল হক মিলন।
ট্রেনের যাত্রী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসের দরজার বাইরে মাথা বের করে বাইরের দৃশ্য দেখছিল কিশোরটি। ট্রেনটি মাধনগর স্টেশন পার হওয়ার সময় অসাবধানতাবশত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে কিশোর নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাধনগর স্টেশন মাস্টার ইমদাদুল হক মিলন বলেন, স্থানীয়রা দুর্ঘটনার দৃশ্য দেখতে পেয়ে পুলিশ ও স্টেশনে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখে সান্তাহার জিআরপি থানায় খবর দেওয়া হয়। সান্তাহার জিআরপি পুলিশ আইনি ব্যবস্থা নেবে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি রেলওয়ে পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।