× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছিপ বানানোই যে গ্রামের মানুষের পেশা

শফিক সরকার, ময়মনসিংহ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪ ১৩:৩২ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪ ২০:১১ পিএম

ময়মনসিংহের মুক্তাগাছার বাদেমাঝিরা গ্রামে বাড়ির আঙিনায় মাছ ধরার ছিপ তৈরি করছেন স্থানীয়রা। প্রবা ফটো

ময়মনসিংহের মুক্তাগাছার বাদেমাঝিরা গ্রামে বাড়ির আঙিনায় মাছ ধরার ছিপ তৈরি করছেন স্থানীয়রা। প্রবা ফটো

ময়মনসিংহ শহর থেকে ২২ কিলোমিটার দূরের একটি গ্রাম। মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের এ গ্রামের নাম বাদেমাঝিরা। গ্রামে প্রবেশ করলেই চোখে পড়ে প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় আগুন জ্বেলে মাছ ধরার ছিপে সেঁক দেওয়া হচ্ছে। গ্রামের প্রায় সব বয়সিরাই এ কাজে যুক্ত। এই ছিপগুলো যায় দেশের বিভিন্ন জেলায়। ছিপ বিক্রি করেই সংসারের খরচ জোটে গ্রামটির তিনশরও বেশি পরিবারের মানুষের।

বলা যায়, মাছ ধরার ছিপ বানিয়ে ভাগ্য খুলেছে এ গ্রামের মানুষের। অথচ একসময় দিন আনি দিন খাই অবস্থা ছিল তাদের। তখন সবাই নির্ভরশীল ছিলেন অন্যের জমি চাষাবাদের ওপর। এখন ছিপ বানিয়ে পাল্টে গেছে তাদের জীবন।

গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘বাদেমাঝিরা’র ভাগ্যবদলের সূচনা গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার সুবাদে। প্রায় ৫০ বছর আগে ছিপ বানাতে শুরু করেন তিনি। পর্যায়ক্রমে গ্রামের সবাই উৎসাহিত হন এ কাজে। 

সরেজমিনে দেখা যায়, বাদেমাঝিরার সবাই এখন কোনো না কোনোভাবে যুক্ত ছিপ তৈরির পেশায়। নারীরাও ঘরে বসে বাড়তি আয় করছেন। ছিপ চেঁছে তারা একেকজন প্রতিদিন আয় করেন ১৫০ থেকে ২০০ টাকা। পুরুষ সদস্যরা সেই সব চিকন বাঁশ সেঁকে নেন বাড়ির আঙিনায়। তারপর রঙবেরঙের নকশা আঁকেন ছিপে। শৌখিন মৎস্য শিকারিদের বিশেষভাবে আকৃষ্ট করে এই নকশা।

বাদেমাঝিরা গ্রামের বাসিন্দা আসমা আক্তার জানান, সারা দিনে ৫০ থেকে ৭০টি ছিপ চাঁছতে পারেন তারা। এ থেকে আয় হয় ১৫০ থেকে ২০০ টাকা। এ টাকা খরচ করেন সন্তানদের লেখাপড়ার পেছনে। সারা বছর ধরে বানালেও ছিপ বিক্রি হয় মূলত আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র- এই তিন মাসে। গ্রামে ছিপ বানানোর উপযোগী বাঁশের চাষ খুব অল্পই হয়। এই ছিপ তৈরির বাঁশ তারা সংগ্রহ করেন সিলেট ও সুনামগঞ্জ থেকে। প্রতিটি ছোট ছিপ ১০ টাকা আর বড় ২০ টাকা দরে কিনে থাকেন। একেকটি ছোট ছিপ তৈরিতে খরচ পড়ে ২৩ টাকা আর বড় ছিপে ৩০ টাকা। ছিপ তৈরি হওয়ার পর তারা ছোটগুলো ২৫ টাকায় আর বড়গুলো ৪০ টাকা দরে বিক্রি করে থাকেন। তবে বন্যা ও বৃষ্টির পানি বেশি হলে ছিপের দাম বেড়ে যায়। 

ছিপ তৈরির কারিগর আমিনুল ইসলাম বলেন, আগে ছিপ তৈরির কৌশল আয়ত্ত করতে হয়। না হলে নিখুঁত ছিপ বানানো সম্ভব নয়। একটা সময় বেশ অভাবে দিন কাটত আমাদের। ছিপ বানিয়ে এখন আমরা স্বাবলম্বী। আমার কারখানায় বর্তমানে নারী-পুরুষসহ ২০ জন কর্মচারী কাজ করছেন। আমাদের বানানো ছিপ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসেন গ্রামে।

মুক্তাগাছা উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, এখন আশ্বিন মাস চলছে। ভাদ্র-আশ্বিন মাসজুড়ে খাল-বিলে পানি থাকে। এখন মাছ ধরার সময়। খাল-বিলে মানুষ ছিপ নিয়ে মাছ ধরতে যায়। আর শৌখিন লোকেরা সারা বছর ছিপ দিয়ে মাছ ধরেন। আর এসব ছিপ বানানো হয় মুক্তাগাছার বাদেমাঝেরা গ্রামে। এই গ্রামের বাড়ি বাড়ি ছিপের কারখানা রয়েছে। ছিপ বানিয়ে তারা আজ স্বাবলম্বী হয়ে উঠেছেন। এই কাজের সঙ্গে গ্রামের নারীরাও যুক্ত হয়েছেন, এটা অনেক বড় বিষয়।

স্থানীয় বিনোদবাড়ি মডেল কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও নাট্যকার মিহির হারুন বলেন, ছিপ বানিয়ে ভাগ্যবদল এটা বড় ধরনের সফলতা। যে কেউ এই পেশায় জড়িত হতে পারেন। তবে এই কুটির শিল্পের জন্য সরকারি সহায়তা দরকার। তাহলে একসময় এই শিল্প আরও বড় হবে। আর এর সঙ্গে শত শত বেকার মানুষ যুক্ত হবেন।

মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, বাদেমাঝিরা গ্রামের মানুষ দারুণ উদ্যোগ নিয়েছেন। তাদের তৈরি মাছ ধরার ছিপ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে। এর ফলে এই গ্রামের মানুষের ভাগ্যেও পরিবর্তন হয়েছে। একসময় তারা অন্যের জমি চাষাবাদ করে দিন চালাতেন। আর এখন তারা নিজেরাই ছিপ বানিয়ে স্বাবলম্বী হচ্ছেন। তাদের সহযোগিতার বিষয়ে উচ্চপর্যায়ে জানানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা