ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ১৮:০০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ১৮:০২ পিএম
ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে আপমর ছাত্র-জনতার ব্যানারে এ মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। প্রবা ফটো
পাবনার ঈশ্বরদীতে খুলনা-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের ‘সিদ্ধান্ত’ বাতিল এবং সুন্দরবন-বেনাপোল এক্সপ্রেস ট্রেন পুনরায় ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চলাচলের দাবিতে ট্রেন আটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর দেড়টায় ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে আপমর ছাত্র-জনতার ব্যানারে এ মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
এ সময় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছালে ট্রেন অবরোধ করে স্টেশন চত্বরে বিভিন্ন স্লোগান দেন তারা। ট্রেনটি প্রায় ৩০ মিনিট আটকে রাখা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি নেতা এসএম ফজলুর রহমান, ইসলাম হোসেন জুয়েল, আনোয়ার হোসেন জনি, প্রভাষক রাজিবুল আলম ইভান, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ব্যবসায়ী সাইফ হাসান সেলিম, সাংবাদিক সেলিম সরদার। সমাবেশ পরিচালনা করেন ব্যবসায়ী মাসুম পারভেজ কল্লোল।
ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর রুট পরিবর্তনের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেন্টডেন্ট মহিউল ইসলামের কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।
সমাবেশ বক্তারা বলেন, ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চলাচলকারী সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন গত বছর নভেম্বর মাসে রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে চলাচল করছে। এরপর একমাত্র চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে খুলনা-ঢাকা রুটে চলাচল করছে। এখন শুনছি এ ট্রেনটি রুট পরিবর্তন করে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে চলাচল করবে। এ ট্রেন রুট পরিবর্তন করলে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে যমুনা সেতু হয়ে ঢাকাগামী আর কোন ট্রেন থাকবে না। ঈশ্বরদীর মানুষজন ঢাকা যেতে হলে ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে ঢাকা যেতে হবে। শহর থেকে বাইপাস স্টেশন তিন কিলোমিটার দূরে এবং রাতে চলাচলের নিরাপত্তা না থাকায় বিশেষ করে নারী যাত্রীরা বাইপাস স্টেশন হয়ে চলাচল করতে পারে না। চিত্রা ট্রেনের রুট পরিবর্তন করা হলে ঈশ্বরদীবাসীর জন্য ঢাকা-খুলনা রুটে চলাচল খুবই কষ্টকর হয়ে যাবে। তাই রেলওয়ে কর্তৃপক্ষকে চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে হবে।
পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহান মাহমুদ বলেন, চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্তের কোন নিদের্শনা আমাদের কাছে আসেনি। এ বিষয়ে আমাদের রেল মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত লিখিত বা মৌখিক কোন কিছু জানানো হয়নি।
রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক (জিএম) আব্দুল আউয়াল ভূঁইয়া বলেন, চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের কোন সিদ্ধান্ত এখনো হয়নি। আগামী নভেম্বর থেকে খুলনা-যশোর থেকে ঢাকাগামী ট্রেন নতুন রেল লাইন দিয়ে পদ্মা সেতু হয়ে চলাচল করতে পারে। সেক্ষেত্রে ওই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে শুনেছি। আমি যতদূর জানি চিত্রা এক্সপ্রেস ট্রেন এ রুটেই চলাচল করবে। নতুন রেলরুটে খুলনা-যশোর থেকে ঢাকার দুরত্ব কমে যাওয়ায় এ রুটে চলাচলকারী যেকোন ট্রেন ডাবল ট্রিপে চালানোর একটি কথাও শুনেছিলাম। এখনো পর্যন্ত যেহেতু কোন বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তাই কিছু বলা যাচ্ছে না।