বগুড়া অফিস
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ১৭:২৬ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ১৮:৫১ পিএম
প্রতীকী ছবি
বগুড়ায় নির্মাণাধীন ভবনের শাটার ভেঙে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম হারুন মিয়া। তিনি দেউলী ইউনিয়নের লক্ষ্মীকোলা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, গণেশপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন সরকারের নির্মাণাধীন বিল্ডিংয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতেন হারুন মিয়া। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বিল্ডিংটির পূর্ব পার্শ্বের শাটার ভেঙে যায়। এতে শাটারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দুর্ঘটনার সংবাদ পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।
ওসি আব্দুল হান্নান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।