রংপুর অফিস
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ১৫:০৫ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ১৬:১২ পিএম
রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। প্রবা ফটো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মামলায় ১৪ আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন ৩০ সেপ্টেম্বর এ আবেদন করলে আদালত শুনানি শেষে গত বুধবার (২ অক্টোবর) এ আদেশ দেন রংপুর মহানগর আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে আবু সাঈদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রোকনুজ্জামান রোকন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবু সাঈদের মামলায় ১৭ আসামির মধ্যে এএসআই আমির আলী, কনস্টেবল সুজন চন্দ্র রায় গ্রেপ্তার হয়েছেন। মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন অন্য মামলায় জেলহাজতে রয়েছে। কিন্তু মামলার অপর ১৪ জন আসামি রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান, উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, সহকারী কমিশনার আরিফুজ্জামান, আল ইমরান হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রাফিউর হাসান, শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মন্ডল, বিশ্ববিদ্যালয় ফাঁড়ির ইনচার্জ এসআই বিভূতি ভূষণ, তাজহাট থানার ওসি রবিউল ইসলাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, ছাত্রলীগ নেতা টগর, বাবুল হোসেন, শামীম মাহফুজ এখনও গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তারে এ নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। গত ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৩০ থেকে ১৩৫ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা করেন। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ে তদন্তাধীন রয়েছে।