× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা ইলিশ সংরক্ষণ

জেলেরা নদীতে নামলে কঠোর ব্যবস্থা

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ২১:২২ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ২১:২৮ পিএম

জেলেরা নদীতে নামলে কঠোর ব্যবস্থা

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, অন্য যেকোনো সময়ের তুলনায় এবারের অভিযান কঠোরভাবে পরিচালনা করা হবে। অন্য বছরের তুলনায় এ বছর মা ইলিশ সংরক্ষণ অভিযানে আমরা কঠোরভাবে মনিটরিং করব। অভিযান চলাকালে কোনো জেলেকে নদীতে নামতে দেব না। যদি কেউ আইন অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (২ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা প্রশাসক বলেন, এই সময়টাতে যতগুলো বরফ কল আছে তা বন্ধ থাকবে। লোকাল যে বাজারগুলোতে অবৈধভাবে ইলিশ বিক্রি হয়, সেসব বাজার মনিটরিং করব। শুধু বিক্রেতা নয়, রাস্তা যদি ক্রেতাদের কাছ থেকেও ইলিশ পাওয়া যায়, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। টাস্কফোর্সের সঙ্গে সঙ্গে যেন সেনাবাহিনী ওইসব অবৈধভাবে ইলিশ বিক্রির ঘাটগুলোতে যায়, সেজন্য অনুরোধ করব। ২৪ ঘণ্টাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। 

তিনি বলেন, কোনো দুষ্কৃতকারী প্রশাসনকে তুচ্ছ করবে তা সম্ভব না। যদি করে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। জনপ্রতিনিধিরা বা অন্য কেউ সহায়তা করুক বা না করুক আমরা সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করব। যেসব নদীর শাখা মুখ রয়েছে, সেসব স্থানে কঠোর নজরদারি করতে হবে। 

বালুমহাল সংক্রান্তে জেলা প্রশাসক বলেন, আমাদের কোনো বৈধ বালুমহাল নেই। ইতোমধ্যে আমরা কয়েকজনকে আটক করেছি। যদি কেউ বালু ওঠাতে যায় তারা অবৈধ, আর তাদের বিরুদ্ধে কঠোর থাকব। কোনোভাবেই নদীতে ড্রেজার চলবে না। 

তিনি বলেন, দাদন ব্যবসায়ী, বরফ কল ব্যবসায়ী, মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া জেলেদের সঙ্গে মতবিনিময় করব। অভিযানকালীন চার জেলার সমন্বয়ে কাজ করা যেতে পারে। এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, কোস্ট গার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার ফজলুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, সমাজসেবা কর্মকর্তা (রেজি.) মনিরুল ইসলাম, মৎস্যজীবী নেতা তছলিম বেপারি প্রমুখ।

সভার শুরুতে চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।

মা ইলিশ রক্ষায় আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-ক্রিয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ৫ হাজার টাকা জরিমানা এবং সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ছাড়াও উভয় দণ্ডের বিধান রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা