জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ২১:০২ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ২১:১২ পিএম
৫ আগস্টের পর সারা দেশে কারাগার থেকে পালানো বেশিরভাগ আসামি ফিরে এলেও ৫০০-এর মতো পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। বুধবার (২ অক্টোবর) বিকালে জামালপুর জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, সারা দেশে নতুন কারাগার নির্মাণে যেসব ঠিকাদার অপারগ হবে, নিয়ম অনুযায়ী তাদের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া কারাগারে বন্দিদের খাবারের তালিকায় আমিষ ও প্রোটিনের পরিমাণ বৃদ্ধির জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেওয়া আছে। এ ছাড়া লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও কিছু উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তিনি।
কারাগার পরিদর্শন শেষে একটি সভায় যোগদান করেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। সভায় ময়মনসিংহ ও জামালপুর জেলা কারাগারের কর্তৃপক্ষ উপস্থিত ছিল।