× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মরার আগে নিজের জাগাত ঘর বাইন্ধে থাকতাম চাই’

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১৯:০৫ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৯:০৭ পিএম

ভুক্তভোগী রাবিয়া খাতুন। প্রবা ফটো

ভুক্তভোগী রাবিয়া খাতুন। প্রবা ফটো

‘ঘর বাইন্ধে থাহনের লাইগ্গে সরহারি একটু জাগা (জায়গা) লিজ নিছিলাম। আমার এই জাগাডাও ক্ষমতাশালী রশিদ দখল কইরা নিছে। জাগাত গেলে আমারে খারাপ ভাষায় গালাগালি করে। তাড়ায়া দেয়। নিজের এই জাগাডা থইয়াও ১৫ বছর ধইরে আমার মাইনসের বাড়িত থাকতে অইতাছে। আমার জীবনডা তো মাইনসের বাড়িত থাইক্যা আর মাইনসের কাম কইরাই চইল্যা গেছে। অহন অন্তত মরার আগে আমার নিজের জাগাত আমি একটা ঘর বাইন্ধে থাকতাম চাই’ কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটী গ্রামের ষাটোর্ধ্ব রাবিয়া খাতুন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের দেখে আক্ষেপ নিয়ে এসব কথা বলেন তিনি। তিনি এখন গ্রামের মনাফ নামে এক ব্যক্তির বাড়িতে বসবাস করছেন।

রাবিয়া খাতুন জানান, স্বামী বকুল মিয়া মারা গেছেন অনেক আগেই। সহায়সম্পদ কিছুই রেখে যাননি। এ অবস্থায় এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে অন্যের জায়গায় থেকে মানুষের কাছে হাত পেতে কোনোরকম জীবন চালিয়ে আসছিলেন। তার মেয়ে বিধবা, ছেলেটা দিনমজুরি করে। আর তিনি মানুষের বাড়িতে কাজ করে সংসার চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে ২০০৯ সালে সন্তানদের নিয়ে মাথা গোঁজার জন্য বেখৈরহাটী বাজারের বেখৈরহাটী নরেন্দ্র কান্ত উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন ৬ শতাংশ খাস জায়গা লিজ নেন। কিন্তু জায়গা লিজ নিলেও তার জায়গার অধিকাংশ দখল করে নেন স্থানীয় প্রভাবশালী আব্দুর রশিদ নামে এক ব্যক্তি। অন্য অংশটুকুও দখলে নিয়ে বহুতল ভবন নির্মাণ করেন একই গ্রামের মাদেক মিয়া ও সাদেক মিয়া নামে দুই ভাই। সেই থেকে অসহায় রাবিয়া খাতুন স্থানীয় মাতব্বর, জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলেও জায়গা উদ্ধার করতে পারছেন না। এ অবস্থায় তিনি সন্তানদের নিয়ে অন্যের বাড়িতেই বসবাস করে আসছেন।

স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান, এবিএম রফিকুল হক, আলী বাকের হোসেন শাওনসহ কয়েকজন বলেন, রাবিয়ার মতো অসহায় মানুষ আমাদের এলাকায় খুব কমই আছে। এমন একজন মানুষের লিজ নেওয়া জায়গা দখল করে নেওয়া চরম অমানবিক। আমরা রশিদকে বহুবার জায়গাটা ছেড়ে দিতে বলেছি। কিন্তু রশিদ আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে গত ১৫ বছর দখল করে রেখেছে। কারও কথারই সে পাত্তা দেয় না। আইনি প্রক্রিয়ায় জায়গাটা উদ্ধার করে রাবিয়াকে ফিরিয়ে দেওয়া হোক।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুর রশিদ বলেন, আমি কারও জায়গা দখল করিনি। এটা আমার ক্রয়কৃত জায়গা। হয়তো রাবিয়ার লিজ নেওয়া জায়গার কিছু অংশ আমার এখানে থেকে থাকতে পারে। যদি থাকে তাহলে ছেড়ে দেব। এ ছাড়া রাবিয়াকে যে জায়গা লিজ দেওয়া হয়েছে, সেটা খালের জায়গা। এই খাল দিয়ে স্থানীয় হাওরের পানি নামে। বর্তমানে খালটা প্রায় ভরাট হয়ে গেছে। অন্য অভিযুক্ত দুই ভাই মাদেক মিয়া ও সাদেক মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা