৩৬ ঘণ্টা অবরোধ
সাভার প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ২২:২০ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ২২:২৫ পিএম
অবরোধের কারণে আটকে আছে রপ্তানি পণ্য ও কাঁচামালবাহী যানবাহন। প্রবা ফটো
টানা ৩৬ ঘণ্টা ধরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া অবরোধ মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯টা পর্যন্ত চলমান।
অবরোধের কারণে এই মহাসড়কে দীর্ঘ সময় ধরে যানচলাচল বন্ধ রয়েছে। আটকে আছে কয়েকশ ট্রাক-পিকআপসহ পন্যবাহী যানবাহন। যার অধিকাংশই রপ্তানি পণ্য ও কাচাঁমাল। ফলে সঠিক সময়ে পণ্য রপ্তানিসহ কাঁচামাল পৌঁছে দেওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে মহাসড়কে পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত থাকা ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, লরি যানজটে আটকে থাকতে দেখা যায়। চট্টগ্রাম বন্দর থেকে আসা অনেক লরিকে আটকে থাকতে দেখা গেছে সোমবার সকাল থেকে।
নারায়ণগঞ্জ থেকে আসা কাভার্ড ভ্যানের চালক আরাফাত জানান, গতকাল (সোমবার) পোশাক কারখানার মালামাল নিয়ে রওনা হয়েছেন। বুধবার ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্ত দীর্ঘ সময় ধরে আটকে আছেন। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি কারখানায় সঠিক সময়ে মালামাল পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না।
একই এলাকা থেকে ফেব্রিক্স নিয়ে আসা অপর এক কাভার্ড ভ্যান চালক শাওন জানান, চার ঘণ্টায় মাত্র ১০ ফুট রাস্তা পার হতে পেরেছেন। কখন মালামাল পৌঁছে দেবেন জানেন না।
এ বিষয়ে কারখানা সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যৌথবাহিনীর সঙ্গে কাজ করতে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্ত তারা রাজি হয়নি।