চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ২০:৩৯ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ২০:৪১ পিএম
নজরুল ইসলাম ঢালী। ফাইল ফটো
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নজরুল ইসলাম ঢালী নামে এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে মফিজুল ইসলাম প্রধানের নির্মানাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নজরুল ইসলাম ঢালী খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের স্ত্রী জেসমিন আক্তার বলেন, সোমবার বিকালে নজরুল ইসলামের সঙ্গে ফোনে শেষ কথা হয়। রাত ৮টার পর থেকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেনি। তিনি দাবি করছেন, তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
এদিকে ঘটনাটি তদন্তে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ বিভাগ) রাশেদুল হক চৌধুরীসহ চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
পিবিআইয়ের উপ-পরিদশক কবির হোসেন বলেন, শরীরের একটি পায়ের ওপরের অংশে ছেঁছড়ানো দাগ রয়েছে। আর কোন অংশে আঘাতের চিহ্ন নেই। প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত চলছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।