সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ১৯:৫৪ পিএম
থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে অভ্যন্তরীণ রুটে ও দুপুরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা। এতে চরম বিপাকে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা।
জানা গেছে, মহাসড়কে অবৈধভাবে থ্রি হুইলার চলাচলকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় মিনি বাসের তিন শ্রমিককে মারধরের অভিযোগ উঠে থ্রি হুইলারের শ্রমিকদের বিরুদ্ধে। এ ঘটনার পর রাতে বাস শ্রমিকরা ফরিদপুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ করে বাস চলাচল বন্ধ করে দেন। রাতেই প্রশাসনের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হলেও কোনো ধরনের সমঝোতা না হওয়ায় মঙ্গলবার সকাল থেকেও অভ্যন্তরীণ কোনো রুটেই বাস চলাচল করেনি। এরপর দুপুর থেকে মুন্সিবাজার এলাকায় মহেন্দ্র শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখলে ফরিদপুর থেকে দূর পাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, মহাসড়কে অবৈধ যান থ্রি হুইলার চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
এদিকে বাস চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। অনেকে বাস চলাচল বন্ধ থাকার খবর না জেনেই স্ট্যান্ডে আসলেও বাস না ছাড়ায় যেতে পারেননি যাত্রীরা। যদিও অতি প্রয়োজনে কেউ কেউ কম গতির যানবাহনে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন।
জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। সমঝোতা হলে দ্রুত সময়ের মধ্যে বাস চলাচল শুরু হবে।