নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ১৯:২৮ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ১৯:২৯ পিএম
গ্রেপ্তারের পর আসামি আব্দুল্লাহ আল মামুন উরফে জামাই মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রবা ফটো
নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল্লাহ আল মামুন উরফে জামাই মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘ দিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন। ১ অক্টোবর রাতে তাবলীগ জামায়াতের ছদ্মবেশে ঢাকা থেকে খাগড়াছড়ির রামগড় যাওয়ার চেষ্টা করছিলেন মামুন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় খাগড়াছড়িগামী একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে র্যাব। এসময় আদালত মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য আগামী ৬ অক্টোবর তারিখ নির্ধারণ করেন।
২০১৩ সালের ৬ মার্চ শহরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বেরিয়ে স্থানীয় একটি পাঠাগারে যাওয়ার পথে অপহরণ করা হয় তানভীর মুহাম্মদ ত্বকীকে। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা হওয়া মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার হয়েছেন।