সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ১৭:৫৩ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ১৮:২৩ পিএম
সাতক্ষীরা সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বল প্রয়োগ ও গোলাগুলির আশঙ্কা রয়েছে- এমন বার্তা দিয়ে মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্কতা জারি করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে বিএসএফ বল প্রয়োগ ও গোলাগুলির আশঙ্কা আছে। তাই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফের মাধ্যমে জীবননাশের ঝুঁকি আছে। এ লক্ষ্যে বাংলাদেশি নাগরিক বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত ও প্রাণহানিকর পরিস্থিতি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা থেকে বিরত থাকা জরুরি।
বিজ্ঞপ্তিতে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক বা দুষ্কৃতিকারীরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে বিজিবি।