রাজশাহী সংবাদদাতা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১৬:১৫ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১৬:৩০ পিএম
সাবেক এমপি নাদিম মোস্তফা। ছবি : প্রবা
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফার জামিন নাকচ করেছেন আদালত।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহীর বিচারিক হাকিম আমলি-২ নম্বর আদালতের বিচারক মারুফ আল্লাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তার জামিন আবেদন করা হয়।
প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মুন্সী আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ‘আমরা প্রয়োজনীয় নথিসহ আজ আদালতে তার জামিন চাই। তবে বিচারক আমাদের আবেদনে সাড়া দেননি।’
এদিকে নাদিম মোস্তফার মুক্তি দাবিতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে রাজশাহী জেলা বিএনপি। পূর্ব ঘোষণা অনুসারে বুধবার (২৩ নভেম্বর) এ সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে তা এক দিন পিছিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাজশাহী নগরীর পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে ডিবি পরিচয়ে নাদিম মোস্তফাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তার ছেলে জুলফার নাইম মোস্তফা। পরে পুুলিশের পক্ষ থেকে বলা হয়, নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়া উপজেলার বানেশ্বরের মজির উদ্দীন হত্যা মামলায় ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গত মার্চে তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান।
উচ্চ আদালত নাদিম মোস্তফাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি হাজির হননি। দীর্ঘদিন এলাকায় উপস্থিত না থাকলেও ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে এক সপ্তাহ ধরে তিনি তার নির্বাচনী এলাকা দুর্গাপুর ও পুঠিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন।