চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৮ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৮ পিএম
চট্টগ্রামে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন এমভি বাংলার জ্যোতি জাহাজে বিস্ফোরণ ঘটে। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন এমভি বাংলার জ্যোতি জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় জাহাজে ঝুলন্ত অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কর্ণফুলী নদীর পতেঙ্গায় চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জাহাজের ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা ও মো. হারুন।
এ বিষয়ে জানতে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেককে কল করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি। পরে বাংলাদেশ মার্চেন্ট মেরিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরীকে কল করা হলে তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ডেক ক্যাডেটসহ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কোস্টগার্ড, নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিমের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। জাহাজে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে কতজন নাবিক কর্মরত ছিলেন তা-ও জানা যায়নি। তাই কতজন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত নই।’
বাংলার জ্যোতি জাহাজটি রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের। জাহাজটি বিদেশ থেকে আমদানি করা জ্বালানি তেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ডলফিন জেটিতে পরিবহনের কাজে নিয়োজিত ছিল।