গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৮ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৯ পিএম
গাজীপুরে সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে ও গুলি করে টাকা লুটের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯) ও ক্যাশ অফিসার ফারজানা নাজনীন সিমু (২৭) এবং আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০)।
সোনালী ব্যাংক গাজীপুর কোর্টবিল্ডিং শাখার এজিএম গাজী শহীদুজ্জামান ও স্থানীয়রা জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংক উপশাখার ৭ লাখ টাকা নিয়ে একটি অটোরিকশা করে ওই চারজন কোর্ট বিল্ডিং শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বিকাল ৫টার দিকে তারা রথখোলা এলাকায় পৌঁছলে ৬টি মোটরসাইকেলে ১০/১২ জন যুবক এসে অটোরিকশার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে যুবকরা ফাঁকা গুলি ছুড়ে ও ওই চারজনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। আশপাশের লোকজন আহতাবস্থায় তাদের উদ্ধার করে ওই হাসপাতালে পাঠায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আনসার সদস্য ওবায়দুল হক বলেন, ‘ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার পথে রথখোলায় হামলা করে। এ সময় এলোপাতাড়ি কুপায় ও ফাঁকা গুলি ছুড়ে। কয়েকজন আহত হয়েছে।
জিএমপির সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’